ইতালির রাষ্ট্রায়ত্ত জ্বালানি প্রতিষ্ঠান জিএসইতে সম্প্রতি যে সাইবার হামলার ঘটনা ঘটেছে এর সঙ্গে ব্ল্যাকক্যাট হ্যাকিং গ্রুপের সম্পৃক্ততার প্রমাণ মিলেছে। আক্রমণের মাধ্যমে হ্যাকাররা বিপুল তথ্য চুরি করেছে এবং দাবি পূরণ না হলে সেগুলো প্রকাশের হুমকিও দিয়েছে। সম্প্রতি নিরাপত্তা গবেষক ও নথি সূত্রে এ তথ্য জানা গিয়েছে। খবর রয়টার্স।
র্যানসমওয়্যার হামলায় হ্যাকাররা প্রতিষ্ঠান বা ব্যক্তির ডিভাইস কিংবা নেটওয়ার্কে অনুপ্রবেশের মাধ্যমে তথ্য চুরি করে এবং মুক্তিপণ আদায়ের জন্য তথ্য প্রকাশের হুমকি দেয়। ক্রিপ্টোকারেন্সি পেমেন্টের জন্য প্রায়ই তারা এ ধরনের কাজ করে। ব্ল্যাকক্যাট হ্যাকার গ্রুপ এএলপিএইচভি নামেও পরিচিত। গত বছরের নভেম্বরের মাঝামাঝি সময়ে গ্রুপটি আত্মপ্রকাশ করে এবং যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন প্রতিষ্ঠানে জটিল আক্রমণ পরিচালনার জন্য পরিচিতি লাভ করে।
সম্প্রতি হ্যাকার গ্রুপটি দাবি জানিয়ে বলে, তারা জিএসই থেকে ৭০০ গিগাবাইটের বেশি তথ্য ডাউনলোড করতে সক্ষম হয়েছে; যেখানে বিভিন্ন প্রকল্পের, চুক্তির, অ্যাকাউন্ট-সংক্রান্ত তথ্য রয়েছে। পাশাপাশি গ্রুপটি চুরি করা তথ্যের কিছু ছবিও প্রকাশ করেছে।
সাইবার নিরাপত্তাপ্রতিষ্ঠান পালো আল্টো নেটওয়ার্কসের ইউনিট ৪২-এর থ্রেট ইন্টেলিজেন্স বিভাগের ভাইস প্রেসিডেন্ট রায়ান অলসন বলেন, জ্বালানি খাতের প্রতিষ্ঠানগুলোয় হামলা চালানোর বিষয়ে ব্ল্যাকক্যাটের অতীত ইতিহাস রয়েছে এবং তারা খুবই সক্রিয়। চলতি বছর হ্যাকারদের লিক সাইটে প্রকাশিত তথ্যের মাধ্যমে আমরা বিশ্বে ১৩৬ ভুক্তভোগীকে শনাক্ত করতে পেরেছি। এ বিষয়ে জিএসইর পক্ষ থেকে মন্তব্য প্রদানে অপারগতা প্রকাশ করা হয়।
এনটিটি ডাটা ইটালিয়ার ওয়াল্টার রুফিননি বলেন, একটি র্যানসমওয়্যার হামলা থেকে পরিত্রাণ পেতে সাড়ে ১৮ লাখ ডলার ব্যয় করতে হয়।
ইতালিতে গত বছর এ ধরনের আক্রমণের পরিমাণ ৩৫০ শতাংশ বেড়েছে, যেখানে প্রতি সপ্তাহে ১ দশমিক ৯ শতাংশ ইতালিয়ান কোম্পানি আক্রমণের শিকার হয়েছে।










