সম্প্রতি পিক্সেল ফোনে অ্যান্ড্রয়েড ১৩ ভার্সন চালু করেছে গুগল। চালুর কয়েকদিনের মধ্যেই নতুন অপারেটিং সিস্টেমটি ফোনগুলোর ওয়্যারলেস চার্জিং সিস্টেমে সমস্যা তৈরি করছে বলে গ্রাহকদের কাছ থেকে অভিযোগ পাওয়া যাচ্ছে। এছাড়া কিছু ব্যবহারকারী র্যাপিড চার্জিংয়েও সমস্যার বিষয়ে জানিয়েছে। খবর টেকটাইমস।
অ্যান্ড্রয়েড অথরিটির নতুন প্রতিবেদনের তথ্যানুযায়ী, গুগলের পিক্সেল সিরিজের স্মার্টফোনের জন্য অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেম চালু করা হয়েছে। চলতি সপ্তাহেই এ আপডেট এসেছে। তথ্যানুযায়ী, চলতি বছরের শেষ নাগাদ অন্যান্য প্রতিষ্ঠানের স্মার্টফোনেও এ আপডেট চলে আসবে। প্রতিবেদনে প্রতিষ্ঠানটি জানায়, নতুন অ্যান্ড্রয়েড ১৩ ব্যক্তিগত গোপনীয়তা ও নিরাপত্তায় বেশ পরিবর্তন এনেছে। নিরাপত্তা বৈশিষ্ট্যের পাশাপাশি ম্যাটারিয়াল ইউ ডিজাইনেও পরিবর্তন এসেছে।
স্মার্টফোন পরিচালনায় বিভিন্ন সুবিধা যুক্ত করলেও নতুন অপারেটিং সিস্টেম কিছু পিক্সেল ব্যবহারকারীদের সমস্যার সম্মুখীন করেছে। এজন্য অনেকেই নতুন ভার্সন ইনস্টল করছে না। দ্য ভার্জের সাম্প্রতিক প্রতিবেদনের তথ্যানুযায়ী, রেডিটে পিক্সেল স্মার্টফোন ব্যবহারকারীরা ওয়্যারলেস চার্জিংয়ের সমস্যার বিষয়ে অভিযোগ করতে থাকে। পিক্সেল ৬ ও ৬ প্রোতেও এ সমস্যা দেখা গিয়েছে।
পিক্সেল ৪ ও ৪এক্সের ব্যবহারকারীরা নতুন মডেল ব্যবহারকারীদের সঙ্গে একমত পোষণ করে জানায়, স্মার্টফোনের জন্য তারা যে ওয়্যারলেস চার্জার ব্যবহার করত সেটি কাজ করা বন্ধ করে দিয়েছে। সমস্যার সম্মুখীন হওয়া ব্যবহারকারীরা সম্প্রতি তাদের স্মার্টফোনের অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ১৩-তে উন্নীত করেছে। অন্যদিকে আরো কিছু ব্যবহারকারী জানায়, তাদের ফোনের র্যাপিড চার্জিং প্রযুক্তিও সমস্যা করছে।
হালনাগাদ অ্যান্ড্রয়েড ভার্সন ইনস্টলের পর কিছু ব্যবহারকারী র্যাপিড চার্জিংয়ের মাধ্যমে ফোনের ব্যাটারি পূর্ণ করতে পারছে না। অন্যরা জানায়, চার্জিংয়ের সময় ফোন অত্যধিক গরমও হয়ে যাচ্ছে। তবে এ বিষয়ে গুগলের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।










