আইফোন থেকে গুগলের পিক্সেল ও অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেম চালিত স্মার্টফোনে চ্যাট হিস্ট্রি স্থানান্তরের ফিচার আনুষ্ঠানিকভাবে চালু করেছে সোস্যাল মেসেজিং প্লাটফর্ম হোয়াটসঅ্যাপ। খবর আইএএনএস।

স্যামসাং গ্যালাক্সি ডিভাইসে এরই মধ্যে এ ফিচার চালু হয়ে গেছে। স্যামসাংয়ের যেসব ডিভাইসে অ্যান্ড্রয়েড ১০ ও তার ওপরের ভার্সন রয়েছে, সেসব ফোনেই এ ফিচার চলবে। কিন্তু অন্য ব্যবহারকারীরা শুধু অ্যান্ড্রয়েড ১২ ভার্সনের স্মার্টফোনে এ ফিচার ব্যবহার করতে পারবেন।

এক বিবৃতিতে ফেসবুক মালিকানাধীন প্রতিষ্ঠানটি জানায়, ব্যবহারকারীরা সহজেই তাদের আইফোন থেকে অ্যান্ড্রয়েড স্মার্টফোনে চ্যাট হিস্ট্রি ও মেমোরি স্থানান্তর করতে পারবেন। আমরা আমাদের টিম নিয়ে নতুন ফিচার ও সুবিধা তৈরিতে কাজ করে যাচ্ছি। যাতে করে ব্যবহারকারীরা আইফোন থেকে অ্যান্ড্রয়েডে স্থানান্তরিত হতে পারেন এবং তাদের হোয়াটসঅ্যাপ হিস্ট্রি তাদের সঙ্গে নিয়ে যেতে পারেন।

আইফোন থেকে নির্ধারিত অ্যান্ড্রয়েড ডিভাইসে চ্যাট হিস্ট্রি আনতে হলে ইউএসবি-সি লাইটনিং কেবল ব্যবহার করতে হবে। গুগল জানায়, যখন একজন ব্যবহারকারী অ্যান্ড্রয়েড ডিভাইস সেট আপ করবেন তখন আইফোনের মাধ্যমে কিউআর কোড স্ক্যান করার জন্য বার্তা পাবেন। এর মাধ্যমে স্থানান্তর প্রক্রিয়া শুরু হবে।