চীনের তিয়ানজিনে নতুন ফ্যাব কারখানা স্থাপন করতে যাচ্ছে দেশটির শীর্ষ চিপ নির্মাতা কোম্পানি এসএমআইসি। নতুন ফ্যাবটিতে ১২ ইঞ্চির ফাউন্ড্রি উৎপাদনে ৭৫০ কোটি ডলারের বিনিয়োগ করতে যাচ্ছে তারা। রয়টার্স প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

চীনের উত্তরাঞ্চলে ফ্যাব স্থাপনের মাধ্যমে সাংহাইভিত্তিক কোম্পানিটির সম্প্রসারণ পরিকল্পনাকে সামনে নিয়ে এসেছে। চীনের সামরিক বাহিনীর সঙ্গে সম্পর্কিত হওয়ায় যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় রয়েছে কোম্পানিটি। যদিও বিষয়টি অস্বীকার করে কোম্পানিটি। চীনের স্থানীয় চিপ খাত গড়ে তোলার প্রধান প্রতিষ্ঠানটি এসএমআইসি।

প্রতিবেদনে বলা হয়, গত শুক্রবারের ফাইলিং অনুযায়ী, নতুন ফ্যাব প্রতি মাসে এক লাখ করে ১২ ইঞ্চি ওয়েফার উৎপাদন করতে পারবে। উৎপাদন প্রক্রিয়ার নোডগুলো ২৮ থেকে ১৮০ ন্যানোমিটারের মধ্যে হবে।

কারখানাটি তিয়ানজিনের জিকিং জেলা সরকারের সহযোগিতায় এসএমআইসির সহায়ক সংস্থা হিসেবে পরিচালিত হবে। ফাইলিং অনুযায়ী, এর প্রাথমিক নিবন্ধিত মূলধন ৫০০ কোটি ডলার হবে। তবে কারখানাটি কবে চালু হবে সে বিষয়ে কিছু বলেনি কোম্পানিটি। ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে চিপ প্রযুক্তির উন্নতি ও বিকাশ নিয়ে প্রতিযোগিতা করায় এসএমআইসি তার উৎপাদন ক্ষমতা বাড়াচ্ছে।