বিশ্বে কমবেশি সাত হাজারের বেশি ভাষা প্রচলিত রয়েছে। অঞ্চলভেদে এসব ভাষার প্রতি ১০টির মধ্যে চারটির কোনো নির্দিষ্ট লিখিত রূপ নেই। এসব ভাষা বর্তমান সময়ের উন্নত মেশিন লার্নিং ট্রান্সলেশন সিস্টেমের জন্য ক্ষতিকর। তবে মেটার কৃত্রিম বুদ্ধিমত্তাযুক্ত ট্রান্সলেটর এসব ভাষাও অনুবাদ করতে পারবে। খবর এনগ্যাজেট।

মূলত অলিখিত ভাষাগুলো নিয়ে কাজ করতে হলে মৌখিক ভাষাকে লিখিততে রূপান্তর করতে হয়। তবে মেটার ট্রান্সলেটর সহজেই সেটি করতে পারবে। মেটার ইউনিভার্সাল স্পিচ ট্রান্সলেটর প্রোগ্রামের অংশ হিসেবে রিয়েল টাইম স্পিচ টু স্পিচ ট্রান্সলেশনের উন্নয়নে কাজ চলছে। এ প্রকল্পের অংশ হিসেবে মেটার গবেষকরা এশিয়ার ডায়াসপোরাতে ব্যবহূত ও তাইওয়ানের অন্যতম প্রধান ভাষা হোক্কিয়েন নিয়ে কাজ করেছে।

এক ব্লগ পোস্টে মেটা নতুন এআইয়ের ঘোষণা দিয়ে এটিকে লিখিত রূপ নেই এমন ভাষার জন্য বিশ্বের প্রথম এআইনির্ভর অনুবাদ ব্যবস্থা হিসেবে উল্লেখ করেছে। ভবিষ্যতে এআই সিস্টেমটি সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করে দেয়া হবে বলে জানিয়েছেন মেটাপ্রধান মার্ক জাকারবার্গ।

সিস্টেমটি এরই মধ্যে সফলভাবে তাইওয়ানের ‘হোক্কিয়েন’ ভাষা অনুবাদ করেছে বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট। তাইওয়ানজুড়েই চল আছে মৌখিক ভাষাটির, কিন্তু এর নিজস্ব বর্ণমালা এমনকি কোনো লিখিত রূপ নেই। এক বিবৃতিতে মেটা তাদের অনুবাদক সফটওয়্যারকে এআইয়ের ইউএসটি প্রকল্পের জন্য প্রথম মাইলফলক হিসেবে আখ্যা দিয়েছে। যেকোনো ভাষার মৌখিক বচন থেকে তাত্ক্ষণিকভাবে অনুবাদে সক্ষম এআই ব্যবস্থা নির্মাণে জোর দেয়ার কথা জানিয়েছে ফেসবুক, মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপের মালিকানা প্রতিষ্ঠানটি।

অনুবাদের জন্য এর আগে যত কৃত্রিম বুদ্ধিমত্তা বানানো হয়েছে তার সিংহভাগ ভাষার লিখিত রূপকেই জোর দিয়েছে। কিন্তু মেটা জানায়, যে ভাষাগুলো লেখার জন্য কোনো প্রমিত রূপ নেই এমন ভাষা অনুবাদের সক্ষমতা অর্জন তাদের ভবিষ্যৎ লক্ষ্যগুলোর একটি। প্রতিষ্ঠানটির দাবি, পৃথিবীতে বর্তমানে সাত হাজারের বেশি ভাষা প্রচলিত থাকলেও এর প্রায় ৪০ শতাংশ মূলত মৌখিক ভাষা এবং হোক্কেইয়েনর মতোই লেখার কোনো প্রমিত মান বা প্রচলিত কোনো কাঠামো নেই ওই ভাষাগুলোর।

ফেসবুকে দেয়া এক ভিডিও পোস্ট মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ এটি চালুর কথা জানিয়েছেন। সাধারণ মানুষ যেন সহজেই বিভিন্ন ভাষা অনুবাদের সুযোগ পান, সেজন্য এআইটিকে উন্মুক্ত করে দেয়া হবে বলে জানান তিনি।