প্লেস্টোরে গ্রাহকদের থার্ড পার্টি পেমেন্ট সুবিধা প্রদানে নন-গেমিং অ্যাপ ডেভেলপারদের জন্য পাইলট প্রোগ্রাম চালু করেছে গুগল। বর্তমানে ইউরোপ, ভারত, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া ও জাপানের অ্যান্ড্রয়েড ডিভাইসে ইন-অ্যাপ পারচেজে এটি চালু করা হয়েছে। খবর টেকটাইমস।

গার্ডিয়ানের তথ্যানুযায়ী, ইন-অ্যাপ পারচেজের ক্ষেত্রে ব্যবহারকারী বা গ্রাহক যদি চেকআউটের সময় থার্ড পার্টি পেমেন্ট সিস্টেম নির্বাচন করে তাহলে নন-গেমিং অ্যাপ ডেভেলপারদের ফি দেয়ার হার ৪ শতাংশ কমবে। সাধারণত প্রতি বছর ডেভেলপারদের প্রথম ১০ লাখ ডলার আয় থেকে ১৫ শতাংশ ফি আদায় করে গুগল। বর্তমানে এ আদায়ের হার ৩০ শতাংশে উন্নীত হয়েছে।

গুগলের তথ্যানুযায়ী, বিকল্প বিলিং সিস্টেমের সুবিধা পেতে হলে নন-গেমিং অ্যাপ ডেভেলপারদের নির্দিষ্ট কিছু শর্ত পূরণের মাধ্যমে যোগ্যতা অর্জন করতে হবে। পাইলট প্রোগ্রামের জন্য অনুমোদন পেতে হলে ডেভেলপারকে তার ব্যবসাকে রেজিস্ট্রেশনের আওতায় আনতে হবে এবং গুগল প্লেস্টোরের ভেতরেই তাদের বিকল্প বিলিং পদ্ধতির বিষয়ে জানাতে হবে। পাশাপাশি ডেভেলপারদের পেমেন্ট কার্ড ইন্ডাস্ট্রির ডাটা সিকিউরিটি স্ট্যান্ডার্ড অথবা পিসিআই-ডিএসএস মেনে চলতে হবে। এছাড়া বিকল্প বিলিং ব্যবস্থা ব্যবহারের ক্ষেত্রে গ্রাহকদের জন্য কাস্টমার সাপোর্ট পরিষেবাও প্রস্তুত রাখতে হবে।