হোয়াটসঅ্যাপের জন্য নিজস্ব অ্যাভাটার নিয়ে মালিকানা প্রতিষ্ঠান মেটা দীর্ঘদিন থেকে কাজ করে আসছে। ওয়াবেটাইনফো প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, বর্তমানে মেসেজিংয়ের প্লাটফর্মটি অ্যান্ড্রয়েড বেটা ভার্সনের কিছু ব্যবহারকারীদের নিয়ে ফিচারটি পরীক্ষা করছে। খবর গ্যাজেটসনাউ।
প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, হোয়াটসঅ্যাপ অ্যান্ড্রয়েড বেটার নতুন দুই ভার্সনের সঙ্গে অ্যাভাটার চালু করা হচ্ছে। মূলত যেসব ব্যবহারকারী তাদের ডিভাইসে অ্যান্ড্রয়েড বেটা ভার্সন ব্যবহার করছে শুধু তারাই নতুন ফিচারটি পরীক্ষা করতে পারছে। যেসব ব্যবহারকারী নতুন দুটি ভার্সন ব্যবহার করছে তাদের চিন্তার কারণ নেই। কেননা হোয়াটসঅ্যাপ শিগগিরই আরো ব্যবহারকারীর জন্য বেটা টেস্টের পরিধি বাড়াবে।
ব্লগে প্রকাশিত স্ক্রিনশটের তথ্যানুযায়ী, নতুন কোনো অ্যাভাটার তৈরির পর পরিবার-পরিজন, বন্ধুদের সঙ্গে সেটি শেয়ার করার জন্য আলাদা স্টিকারপ্যাকও চালু করে হোয়াটসঅ্যাপ। তবে এর জন্য ব্যবহারকারীদের প্রথমে তাদের অ্যাভাটার তৈরি করতে হবে। তারা চাইলে প্রোফাইল ফটো হিসেবে সেটি ব্যবহার করতে পারবে।
প্রতিবেদনের তথ্যানুযায়ী, সেটিংস অপশনের অধীনে অ্যাভাটার ফিচারটি যুক্ত করা হয়েছে। কোনো ব্যবহারকারী যদি অপশনে এটি খুঁজে পান তাহলে সহজেই নিজস্ব অ্যাভাটার তৈরি করতে পারবেন। অ্যাভাটার তৈরির ফিচারের পাশাপাশি সম্প্রতি মেসেজিং প্লাটফর্মটি নতুন গ্রুপ ফিচারের পরীক্ষা চালাচ্ছে, যেটি ব্যবহারকারীদের নোটিফিকেশনের জট ও ঝামেলা প্রতিরোধে সাহায্য করবে।










