অধিগ্রহণের পর পরই বিভিন্ন নতুন পরিকল্পনা নিয়ে কাজ করছেন ইলোন মাস্ক। এর অংশ হিসেবে শিগগিরই ভেরিফিকেশনের জন্য নতুন ফিচার প্লাটফর্মে যুক্ত করা হবে। ফলে এরপর ভেরিফিকেশন পাওয়ার জন্য ব্যবহারকারীদের প্রতি মাসে ২০ ডলার ফি দিতে হবে। খবর টেকটাইমস।
অন্যদিকে যারা ফিচারটির উন্নয়নে কাজ করছেন তাদেরও সতর্কবার্তা দিয়েছেন মাস্ক। তিনি জানান, যদি সময়মতো তারা ফিচারটি তৈরি না করেন তাহলে চাকরি থেকে বরখাস্ত করা হবে। তবে টুইটার পেইড ভেরিফিকেশন ফিচারটি ব্লু সাবস্ক্রিপশনের তুলনায় আরো বেশি ব্যয়বহুল হবে বলেই জানা গিয়েছে।
ব্লু সাবস্ক্রিপশন বেশকিছু সংশ্লিষ্ট ফিচারের সুবিধা দেয়। বার্তা সংস্থা রয়টার্স প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ইলোন মাস্ক তার সহকর্মীদের নির্দেশ দেয়া শুরু করেছেন যেন পেইড ভেরিফিকেশনের বিষয়টি সাবস্ক্রিপশনের ভেতরে থাকে। এর জন্য এখন ১৯ দশমিক ৯৯ ডলার দিতে হবে। যদিও টুইটার ব্লু সাবস্ক্রাইবারদের জন্য ৯০ দিন সময় দেয়া হয়েছিল যেন তারা নীল চেকমার্কটি হারিয়ে না বসে।
সামাজিক যোগাযোগমাধ্যম তথা মাইক্রোব্লগিংয়ের প্লাটফর্মটি অধিগ্রহণের আগে ইলোন মাস্কের পরিকল্পনার একটি অংশ ছিল এ ফিচার। তিনি টুইটারের ভেরিফিকেশন পদ্ধতিকে নতুনভাবে গড়ে তুলতে চেয়েছিলেন। তবে ভেরিফিকেশনের জন্য ব্যবহারকারীদের কাছ থেকে ২০ ডলার নেয়ার বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি। ইলোন মাস্কও এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। ৭ নভেম্বরের মধ্যে সহকর্মীদের ফিচারটির কাজ সম্পন্ন করার কথা বলেছেন মাস্ক। ফিচারটি ছাড়াও বিশ্বের অন্যতম এ ধনী লগআউট হওয়া ব্যবহারকারীদের জন্য হোমপেজে পরিবর্তন আনার বিষয়েও ভাবছেন।










