কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে প্রকাশ্যেই সমালোচনা করেছেন টেসলা প্রধান ইলোন মাস্ক। তবে সমালোচনা করলেও নিজস্ব উদ্যোগ থেকে পিছপা হননি। কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে এক্স ডট এআই করপোরেশন নামে নতুন কোম্পানি তৈরি করেছেন তিনি। এ বিষয়ে ওয়াল স্ট্রিট জার্নাল প্রতিবেদন প্রকাশ করেছে। খবর এনগ্যাজেট।

প্রতিবেদনের তথ্যানুযায়ী, নেভাডা অঙ্গরাজ্যে নিবন্ধিত নতুন কোম্পানিটির একমাত্র পরিচালক হিসেবে মাস্কের নাম রয়েছে। এছাড়া তার পরিবারের দাপ্তরিক পরিচালক ও সেক্রেটারি হিসেবে নাম আছে জ্যারেড বার্চালের।

একাধিক কোম্পানির প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করা মাস্কের এক্স অক্ষরের প্রতি বিশেষ সখ্য আছে বলে জানা যায়। এমনকি ‘‌টুইটার‌ইনকরপোরেটেড’ নামটি এখন আর নেই, এটি চলে গেছে এক্স করপোরেশনের অধীনে।

বিভিন্ন এআই প্রকল্প মাস্কের কাছে অজানা নয়। এমনকি চ্যাটজিপিটির মালিক কোম্পানি ওপেনএআইয়ের সহপ্রতিষ্ঠাতাও ছিলেন তিনি। তবে প্রায় এক দশক আগে কোম্পানিটি থেকে সরে আসেন মাস্ক। আলোড়ন সৃষ্টিকারী চ্যাটজিপিটির জনপ্রিয়তা বেড়ে যাওয়ার পর মাস্ক এ ধরনের প্রযুক্তির ওপর নিয়ন্ত্রণ আনার পক্ষে কথা বলার পাশাপাশি একটি খোলা চিঠিতে স্বাক্ষর করেন, যেখানে এগুলোর বিকাশ ছয় মাসের জন্য স্থগিত করার আহ্বান জানান প্রযুক্তি শিল্পের শীর্ষস্থানীয় ব্যক্তিরা।

আইরিশ সংবাদপত্র দ্য জার্নাল বলছে, মাস্ক চ্যাটজিপিটিকে রাজনৈতিকভাবে পক্ষপাতমূলক বলে দেখেন। এমনকি এক টুইটে তিনি ‘প্রশিক্ষিত এআই সক্রিয় হওয়ার ঝুঁকি’ নিয়েও মন্তব্য করেন।