রেডিও সরঞ্জাম ব্যবহারে সম্প্রতি নতুন একটি সংশোধনী গ্রহণ করেছে দি ইউরোপিয়ান কমিশন। ওয়্যারলেস মোবাইল ডিভাইসের ক্ষেত্রে প্রচলিত সাইবার নিরাপত্তার বিষয়ে আরো কঠোর হওয়ার ইঙ্গিত দিয়েছে কমিশন। খবর এএনআই।

এক বিবৃতিতে কমিশন জানায়, ইউরোপের বাজারে যেসব ওয়্যারলেস ডিভাইস রয়েছে, সেগুলোর সাইবার নিরাপত্তা বাড়াতে নতুন পদক্ষেপ গ্রহণ করেছে কমিশন। বর্তমানে স্মার্ট ওয়াচ, ফিটনেস ট্র্যাকার ও ওয়্যারলেস খেলনা আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। সে কারণে এসব ডিভাইসের ব্যবহারকারীরা মারাত্মক সাইবার হামলার হুমকিতে রয়েছেন।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে নতুন কোনো ওয়্যারলেস ডিভাইস বিক্রির আগে সেটির সার্বিক নিরাপত্তা নিশ্চিত করাই এ সংশোধনীর মূল লক্ষ্য। এজন্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে উৎপাদনের আগে ও ডিজাইনের ক্ষেত্রে নতুন আইন প্রবর্তন করা হবে।

কমিশন উল্লেখ করে, নতুন নীতিগুলো নাগরিকদের গোপনীয়তা, ব্যক্তিগত তথ্যের সুরক্ষা, আর্থিক জালিয়াতির ঝুঁকি কমানোর পাশাপাশি যোগাযোগ নেটওয়ার্কগুলো আরো ভালো স্থিতিস্থাপকতা নিশ্চিত করতে সহায়তা করবে। এর ফলে এখন থেকে ইন্টার সংযোগে ব্যাঘাত ঘটলে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। ওয়্যারলেস ডিভাইসে ব্যক্তিগত তথ্যে অনধিকার প্রবেশ বন্ধ করতে হবে এবং প্রতারণামূলক ইলেকট্রনিক লেনদেন বন্ধে শক্তিশালী ইউজার অথেনটিকেশন ব্যবস্থা চালু করতে হবে।