ইন্টেল প্রসেসর সংবলিত নতুন ম্যাক আনতে যাচ্ছে অ্যাপল। সম্প্রতি ম্যাক রিউমার্স প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, অ্যাপলের নতুন ম্যাক প্রো হবে সর্বাধুনিক ও সবচেয়ে শক্তিশালী কম্পিউটার। তবে নতুন ডিভাইসটি এখনো সিলিকন চিপ ব্যবহারের উপযোগী নয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। খবর গিজমোচায়না।

ম্যাক রিউমার্সের প্রতিবেদনে বলা হয়, নতুন দুটি ম্যাকপ্রো মডেল তৈরিতে কাজ করছে ক্যালিফোর্নিয়ার কুপার্টিনোভিত্তিক প্রযুক্তি জায়ান্টটি। একটি মডেলে বড় ধরনের পরিবর্তন এনে বাজারজাত করা হবে। অন্যটি বর্তমান ফিচারে নতুন স্পেসিফিকেশন ও ডিজাইন নিয়ে আসবে। প্রযুক্তিবিদরা বলছেন, ম্যাকবুকে অ্যাপল এমওয়ান সিরিজের চিপ ব্যবহার হলেও নতুন ডেস্কটপ ওয়ার্কস্টেশনে নিজস্ব সিলিকন চিপ ব্যবহারে আস্থা পাচ্ছে না প্রতিষ্ঠানটি। সাধারণত অ্যানিমেটর, ফটোগ্রাফার, হলিউড কলাকুশলী ও অন্য পেশাদাররা বিভিন্ন কাজে ম্যাকপ্রো ব্যবহার করেন।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, অ্যাপলের নতুন ম্যাকপ্রোয়ে ইন্টেল জিওন সিরিজের চিপ ব্যবহার করা হবে। ইন্টেলের তথ্যমতে, এ সিরিজের চিপ উন্নত, কার্যকরী ও বিল্ট ইন এআই এক্সিলারেশনসম্মত। এর মাধ্যমে অনায়েসে খুব দ্রুত সব কাজ সম্পন্ন করা সম্ভব। এটি অন্য এআইয়ের তুলনায় অধিক শক্তিশালী ও কার্যক্ষম বলে দাবি জানিয়েছে ইন্টেল।

বিশেষজ্ঞরা বলছেন, এর থেকে অনুধাবন করা যায় ম্যাকবুক এয়ার, ম্যাকবুক প্রো, ম্যাক মিনি ও আইম্যাক সিরিজে ইন্টেলের চিপ ব্যবহার করা থেকে পুরোপুরি সরে আসতে পারছে না অ্যাপল। বিশেষ করে চিপ ডিজাইন ও প্রযুক্তির পার্থক্যের কারণে এখনই সম্পূর্ণ সিলিকন নির্ভর হতে পারছে না প্রতিষ্ঠানটি।