স্থানীয় অংশীদারদের ব্যবসায়িক উদ্ভাবন ও সম্প্রসারণে সহায়তা, বিভিন্ন প্রতিষ্ঠান ও গ্রাহকদের জন্য ডিজিটাল ট্রান্সফরমেশনে বিনিয়োগ এবং নিজেদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করতে কাজ করছে মাইক্রোসফট। এ লক্ষ্যে সম্প্রতি ২০২২ পার্টনার লিডারশিপ ফোরাম আয়োজন করেছে মাইক্রোসফট বাংলাদেশ।
যেসব অংশীদার উদ্ভাবনে স্বকীয়তা প্রদর্শন করেছে এবং মাইক্রোসফটের প্রযুক্তির ওপর নির্ভর করে কাস্টমার সলিউশন নিশ্চিত করেছে, তাদের স্বীকৃতিদানে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে পার্টনারশিপ লিডারশিপ ফোরাম অনুষ্ঠিত হয়। ফোরাম শেষে পুরস্কার বিতরণীরও আয়োজন করা হয়।
মাইক্রোসফট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মো. ইউসুপ ফারুক বলেন, আমরা আমাদের পার্টনারদের প্রতি কৃতজ্ঞ, যারা প্রতিকূল পরিবেশে কাজ করা সত্ত্বেও মাইক্রোসফটের প্রযুক্তি সফলভাবে ব্যবহার করে উদ্ভাবন ও সলিউশনের মাধ্যমে তাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছেন।
তিনি বলেন, নতুন ও উদ্ভাবনী সুযোগ তৈরি করে পার্টনারদের ক্ষমতায়ন করার মাধ্যমে আমরা সামনের দিকে এগিয়ে যাব, যা আমাদের দেশের অর্থনৈতিক ও সামাজিক সমৃদ্ধির দিকে এগিয়ে যেতে সহায়তা করবে।
মাইক্রোসফট পার্টনার অ্যাওয়ার্ড একটি বার্ষিক আয়োজন, যার মাধ্যমে বিভিন্ন ক্যাটাগরিতে পার্টনারদের অসামান্য সফলতা ও উদ্ভাবনের স্বীকৃতি দেয়া হয়। ক্যাটাগরিগুলো হচ্ছে পার্টনার কমপিটেন্সি, ক্লাউড-টু-এজ টেকনোলজি, অন্ট্রাপ্রেনিউরিয়াল স্পিরিট ও সোশ্যাল ইমপ্যাক্ট।
মাইক্রোসফট সাউথইস্ট এশিয়া নিউমার্কেটের চিফ পার্টনার অফিসার আন ফাম বলেন, আমাদের গ্রাহকদের বিজনেস ট্রান্সফরমেশন নিশ্চিত করার লক্ষ্যে টেকনোলজি, সার্ভিসেস ও ক্লাউড-টু-এজ সলিউশন সহজলভ্য করতে মাইক্রোসফটের পার্টনারদের ভূমিকা অনস্বীকার্য। আমি এ বছর বাংলাদেশ পার্টনার অ্যাওয়ার্ড প্রাপ্তদের অভিনন্দন জানাই। মাইক্রোসফটের লক্ষ্য বিশ্বের প্রত্যেক ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ক্ষমতায়ন করা। মাইক্রোসফটের এ লক্ষ্যকে এগিয়ে নিতে সহযোগিতা করায় পার্টনারদের স্বাগত জানাই।










