স্মার্টফোন নির্মাতা কোম্পানি রিয়েলমি নতুন ধরনের এক ক্যাম্পেইনের ঘোষণা দিয়েছে। নতুন এ প্রচারণার নাম রিয়েলমি ইউআই উইজেট কো-ক্রিয়েশন। নতুন উইজেটনির্ভর প্রচারণার মাধ্যমে ব্যবহারকারীদের সৃজনশীলতা ও ধারণার ওপর ভিত্তি করে রিয়েলমি এর স্মার্টফোনের জন্য নতুন ডিজাইনের উইজেট আনার আশা করছে। খবর গ্যাজেটসনাউ।
রিয়েলমি ইউআই উইজেট কো-ক্রিয়েশন প্রচারণা মূলত একটি নতুন প্রোগ্রাম, যা ব্যবহারকারীদের নিজস্ব ধারণা জমা দেয়ার অনুমতি দেয়। কোম্পানিটির বরাতে জানা যায়, অ্যাপ ডেভেলপমেন্ট ও ইউএক্স ডিজাইন সম্পর্কে তেমন কোনো জ্ঞান বা ধারণা ছাড়াই রিয়েলমি উইজেটের সহ-উদ্ভাবন বা এটিকে প্রভাবিত করার সুযোগ রয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠানটি তার গ্রাহকদের স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতাকে উন্নত করতে নতুন নতুন সুযোগ-সুবিধা যোগের প্রত্যাশা জানিয়েছে।
আগ্রহীদের নতুন ধারণা জমা দেয়ার নির্দিষ্ট দিনক্ষণও ঠিক করে দিয়েছে চীনের স্মার্টফোন উৎপাদনকারী এ প্রতিষ্ঠান। আগামী ১৫ নভেম্বরের মধ্যে ইউজার ইন্টারফেস (ইউআই) উইজেট কো-ক্রিয়েশনের ওপর নিজস্ব ধারণাগুলো জমা দিতে হবে। ১৬ নভেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত জমা পড়া আইডিয়াগুলোকে পর্যালোচনা করে ২০২৩ সালের প্রথম প্রান্তিকে তা নিয়ে কাজ শুরু করবে প্রতিষ্ঠানটি। মূলত ২০২৩ সালে উল্লিখিত সময়ের মধ্যেই রিয়েলমির অফিশিয়াল ব্লগ পেজে তা জানানো হবে।
নিজেদের নতুন সব আইডিয়া জমা দিতে আগ্রহীদের কো-ক্রিয়েশন টেমপ্লেট ডাউনলোড করে তা পূরণ করতে হবে। প্রদত্ত টেমপ্লেটে নিজস্ব ডিজাইনগুলো যুক্ত করে তা জমা দিতে হবে উল্লিখিত নিয়ম অনুযায়ী। যারা নির্বাচিত হবেন তাদের জিটি নিও ৩ মডেলের রিয়েলমি অ্যান্ড্রোয়েড স্মার্টফোনটি সুলভ মূল্যে দেয়া হবে। এ প্রচারণায় যারা অংশ নেবেন অর্থাৎ আইডিয়া জমা দেবেন তাদের সবাইকে রিয়েলমি ইউআই উইজেট বাস্তবায়ন হওয়ার পর তা ব্যবহার করতে দেয়া হবে অগ্রাধিকার।










