শর্ট ভিডিও শেয়ারিং প্লাটফর্ম টিকটকে নতুন একটি নিরাপত্তা ত্রুটির সন্ধান পেয়েছে মাইক্রোসফট ৩৬৫ ডিফেন্ডারের একটি গবেষণা দল। এ ত্রুটির মাধ্যমে হ্যাকাররা ব্যবহারকারীদের অ্যাকাউন্টে অনুপ্রবেশ করতে পারবে এবং কেউ যদি ক্ষতিকর লিংকে ক্লিক করে, তাহলে লাখ লাখ ব্যবহারকারীর ভিডিও হাতিয়ে নেয়া সম্ভব। খবর আইএএনএস।

টিকটকের অ্যান্ড্রয়েড ভার্সনে মাইক্রোসফট উচ্চ ঝুঁকির নিরাপত্তা ত্রুটির সন্ধান পেয়েছে। যেটির ফাঁদে পড়ে ব্যবহারকারীরা কোনো লিংকে ক্লিক করলে আক্রমণকারীরা সহজেই যে কারো অ্যাকাউন্ট নিয়ন্ত্রণে নিতে পারবে। বর্তমানে অ্যাপটির চীনভিত্তিক ডেভেলপার প্রতিষ্ঠান সমস্যাটির সমাধান করেছে বলে জানা গিয়েছে।

এক বিবৃতিতে প্রযুক্তি জায়ান্টটি জানায়, যদি কোনো ব্যবহারকারী মনের অজান্তে হ্যাকারদের ছড়িয়ে দেয়া ক্ষতিকর লিংকে ক্লিক করে, তাহলে এ ত্রুটির মাধ্যমে হ্যাকাররা সহজেই যে কারো অ্যাকাউন্টে অনুপ্রবেশ করতে পারবে ও ব্যক্তিগত ভিডিও হাতিয়ে নিতে পারবে। অ্যাকাউন্টে প্রবেশের পর আক্রমণকারীরা টিকটক প্রোফাইলসহ সংবেদনশীল তথ্য পরিবর্তন করতে পারবে। যেমন ব্যক্তিগত গোপন ভিডিও প্রকাশ করা, মেসেজ পাঠানো এবং ব্যবহারকারীর অনুমতি সাপেক্ষে ভিডিও আপলোড করা।

বর্তমানে পূর্ব ও দক্ষিণ পূর্ব-এশিয়ার জন্য একটি এবং বিশ্বের বাকি দেশগুলোর জন্য আলাদা অ্যাপ রয়েছে টিকটকের। মাইক্রোসফটের দলটি জানায়, সমস্যাটি বর্তমানে অ্যান্ড্রয়েডের দুটি অ্যাপ ভার্সনেই সমস্যা করছে। গুগল প্লেস্টোরসহ সামগ্রিকভাবে অ্যাপটি ১৫০ কোটিবারের বেশি ডাউনলোড করা হয়েছে।

গভীরভাবে পর্যবেক্ষণের পর মাইক্রোসফট সমস্যার বিষয়ে টিকটককে অবহিত করেছে। মাইক্রোসফট জানায়, যোগাযোগ করার পর তাত্ক্ষণিকভাবে নিরাপত্তা ত্রুটি সমাধানে উদ্যোগ নিয়েছে। ভবিষ্যতে এ ধরনের সমস্যা থেকে নিরাপদে থাকার জন্য ব্যবহারকারীদের হালনাগাদ অ্যাপ ব্যবহারের পরামর্শও দিয়েছে প্রতিষ্ঠানটি।