প্রাতিষ্ঠানিক ও পারিবারিক মিটিংগুলোকে আরো ফলপ্রসূ ও কার্যকর করতে ভিডিও কলিং সফটওয়্যারে বেশকিছু নতুন আপডেট ও ফিচার যুক্ত করছে জুম।
টেকরাডারের এক প্রতিবেদনে বলা হয়, জুম মিটিংয়ের হোস্ট চাইলে মিটিংটি স্বয়ংক্রিয় ফোকাস মোড দিয়ে শুরু করতে পারবেন। ফলে মিটিং চলাকালীন ব্যবসাপ্রতিষ্ঠান ও করপোরেশন কর্মীদের ওপর নজর রাখতে পারবেন। যদিও ফিচারটি মূলত অনলাইন শিক্ষা কার্যক্রমের জন্যই বানানো।
জুমের ফোকাস মোড অংশগ্রহণকারীকে একই সঙ্গে নিজের দিকে, উপস্থাপনাকারীর দিকে এবং মিটিংয়ে দেখানো বিষয়বস্তুর দিকে নজর রাখতে দেবে। এ সময় হোস্ট এবং কো হোস্ট চাইলে গ্যালারি ভিউ সিলেক্ট করে সব অংশগ্রহণকারীকে এক নজরে দেখে নিতে পারবেন।
হোস্টের পছন্দমতো কাস্টম গ্যালারি ভিউ সেভ করার অপশনও দিচ্ছে জুম। এর মাধ্যমে হোস্ট আলাদা মিটিং আইডির জন্য ব্যক্তিগত পছন্দের গ্যালারি ক্রম সেভ করে নিতে পারবেন। পরে যেকোনো মিটিংয়ে নতুন ভিডিও কল করার আগে ম্যানুয়ালি নতুন ক্রোম তৈরি না করে আগেরটা লোড করে নিতে পারবেন।
ক্লাউড ফোন সিস্টেমে সহকর্মীদের সংযুক্ত থাকা আরো সহজ করতে জুম আরো একটি নতুন ফিচার নিয়ে এসেছে। ফোনে কাউকে না পাওয়া গেলে ভয়েস মেইলে বার্তা পাঠানোর পদ্ধতি আগে থেকেই আছে, কিন্তু বেশির ভাগ মানুষ সেটা খুলেই দেখে না। সেজন্য ব্যবহারকারীদের এর একটি ভালো বিকল্প দিতে চেয়েছে জুম।










