ব্যক্তিগত ছবি-ভিডিও শেয়ারে ব্যবহারকারীদের জন্য নতুন নিয়ম চালু করেছে টুইটার। এখন থেকে অনুমতি বা সম্মতি ছাড়া কেউ আরেকজনের ছবি-ভিডিও শেয়ার করতে পারবে না। খবর রয়টার্স ও সিজিটিএন।
প্লাটফর্মটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পরিবর্তনের একদিনের মাথায় নেটওয়ার্ক-সংক্রান্ত নীতিমালা সংশোধনের অংশ হিসেবে এ নিয়ম চালু করা হয়েছে। নতুন নিয়মের অংশ হিসেবে সাধারণ ব্যবহারকারীরা তাদের সম্মতি ছাড়া শেয়ারকৃত ছবি-ভিডিও সরিয়ে ফেলার জন্য টুইটারের কাছে আবেদন করতে পারবেন।
টুইটার জানায়, জনপ্রিয় বা গণমাধ্যমের সঙ্গে সম্পর্কিত ব্যক্তিদের জন্য এ নিয়ম কার্যকর হবে না। পাশাপাশি জনস্বার্থে প্রচারিত বা প্রকাশিত ভিডিও-ছবির ক্ষেত্রেও কার্যকর হবে না। মাইক্রোব্লগিংয়ের প্লাটফর্মটি জানায়, কোন কারণে বা উদ্দেশে ছবি বা ভিডিও প্রকাশ করা হয়েছে, সেটি যাচাইয়ে আমরা সবসময় সচেষ্ট থাকব।
টুইটার জানায়, প্লাটফর্মটি এরই মধ্যে কারো ফোন নাম্বার বা ঠিকানাসহ যেকোনো ব্যক্তিগত তথ্য প্রকাশে নিষেধাজ্ঞা আরোপ করেছে। তবে কারো ব্যক্তিগত তথ্য সংগ্রহ, হয়রানি করা ও ভয় দেখানোর বিষয়ে উদ্বেগ এখনো বিদ্যমান। প্লাটফর্মটি নারী, অধিকারকর্মী, ভিন্নমতাবলম্বী ও সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর অসামঞ্জস্য প্রভাবের বিষয়টি উল্লেখ করেছে।
ছবি-ভিডিও শেয়ারের ক্ষেত্রে টুইটারের নতুন নিয়ম কীভাবে কাজ করবে, সেটি পরিষ্কার করার জন্য কিছু ব্যবহারকরী প্লাটফর্মটির ওপর চাপ প্রয়োগ করেছে। এ বিষয়ে এক টুইট বার্তায় নিউইয়র্কের সিটি ইউনিভার্সিটির সাংবাদিকতার অধ্যাপক জেফ জার্ভিস বলেন, সেন্ট্রাল পার্কের কোনো কনসার্টে যদি আমি অংশগ্রহণ করি, সেখানে ছবি বা ভিডিও ধারণ করতে হলে আমাকে কি সবার অনুমতি নিতে হবে?
সম্প্রতি টুইটার ত্যাগের ঘোষণা দিয়েছেন প্লাটফর্মটির সহপ্রতিষ্ঠাতা জ্যাক ডরসি। এর পর পরই নতুন নিয়ম চালু করেছে মাইক্রোব্লগিংয়ের প্লাটফর্মটি। নতুন নির্বাহী হিসেবে দায়িত্ব নিয়েছেন পরাগ আগরওয়াল।










