টিকটকের জনপ্রিয়তাকে কেন্দ্র করে বেশ কয়েকটি সামাজিক যোগাযোগমাধ্যম প্লাটফর্মটিকে অনুসরণ করছে। এর অংশ হিসেবে এবার পডকাস্ট ফিডে টিকটকের মতো ভার্টিক্যাল স্ক্রলিং ফিচারের পরীক্ষা চালাচ্ছে স্পটিফাই। খবর স্ক্রিনর্যান্ট।

গত বছর অধিগ্রহণকৃত একটি স্টার্টআপ প্রতিষ্ঠান ফিচারটির উন্নয়নে কাজ করেছে। ফিচারটি স্ন্যাপচ্যাটের স্পটলাইট ও ইনস্টাগ্রামের রিলসের অনুরূপ। টিকটক নিজেও বিভিন্ন প্লাটফর্মের ফিচার অনুসরণ করেছে। এর অংশ হিসেবে প্লাটফর্মটি বর্তমানে স্টোরিজ ফিচারের পরীক্ষা চালাচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে স্লিপওয়েলের অ্যাকাউন্ট থেকে ফিচারটির বিষয়ে জানা গেছে। তথ্যানুযায়ী, স্পটিফাইয়ের নিচের বারে একটি নতুন ট্যাব যোগ করা হবে। এর মাধ্যমে ব্যবহারকারীরা লম্বালম্বিভাবে স্ক্রল করার সুযোগ পাবে। পর্বের চুম্বক অংশগুলোর ক্ষুদ্র অডিও ক্লিপ থাকবে প্রতিটি পডকাস্ট কার্ডে। এছাড়া ফিডটিতে ওই অনুষ্ঠানের কভার আর্ট যোগ করা হবে। পডকাস্ট কার্ডের নিচে ডান দিকে প্লে অপশন এবং বাম দিকে একটি প্লাস অপশন থাকবে। এর মাধ্যমে ব্যবহারকারীরা নিজস্ব পছন্দের পর্বের তালিকায় নির্দিষ্ট পর্বটি যুক্ত করতে পারবে।