বাজারে বাড়তি চাহিদা রয়েছে এমন পণ্যের বিষয়ে জানতে বিক্রেতাদের তথ্য সংগ্রহ করে নিজেই সেই পণ্য বাজারে নিয়ে আসে অ্যামাজন। আবার ভোক্তারা ই-কমার্স সাইটটিতে পণ্যের জন্য সার্চ করলে তার ফলাফলেও হেরফের করে নিজেদের পণ্যের বিক্রি বাড়ানোর অভিযোগ উঠেছে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছে মার্কিন ই-কমার্স জায়ান্টটি। নিজেদের নির্দোষ প্রমাণের জন্য সময় অ্যামাজনকে বেঁধে দিয়েছেন মার্কিন আইনপ্রণেতারা। খবর টেক টাইমস।
দ্য মার্কআপ ও বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত দুটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর অভিযোগ অস্বীকার করে বক্তব্য দিয়েছে অ্যামাজন। তবে রয়টার্স নির্দিষ্ট কিছু শহরের অভ্যন্তরীণ তথ্য-উপাত্ত এবং অ্যামাজনের ব্যবসায়িক কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনার তথ্য-উপাত্ত পর্যালোচনা করে ওই প্রতিবেদন দুটি তৈরি করে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বিশেষ করে ভারতে এ কাজ করছে অ্যামাজন। এতে করে একচেটিয়াভাবে বাজার দখলে নিয়েছে প্রতিষ্ঠানটি। ২০১৬ সালের এক প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে রয়টার্স জানায়, সার্চ রেজাল্টে অ্যামাজনের কর্মীরা প্রথম দুটি বা তিনটি পণ্য অ্যমাজনের নিজস্ব ব্র্যান্ডের প্রদর্শন করে এবং অন্য কোম্পানিগুলোর পণ্য প্রদর্শন করা হয় না।
যুক্তরাষ্ট্রের হাউজ জুডিশিয়ারি কমিটির আইন প্রণেতারা অ্যামাজনকে যুক্তি ও প্রয়োজনীয় তথ্য-উপাত্ত উপস্থাপন করে নিজেদের নির্দোষ প্রমাণে করতে বলেছেন। এজন্য তারা আগামী ১ নভেম্বর পর্যন্ত প্রতিষ্ঠানটিকে সময় বেঁধে দিয়েছেন।










