মালয়েশিয়ায় চিপ নির্মাণ কার্যক্রম সম্প্রসারণে ৩ হাজার কোটি রিঙ্গিত বা ৭১০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে ইন্টেল। কভিড-১৯ মহামারীর ফলে বৈশ্বিক সরবরাহ চেইনে যে সংকট দেখা দিয়েছে, তা সামলে নেয়ার উদ্দেশ্যে এ পদক্ষেপ নিয়েছে মার্কিন প্রযুক্তি জায়ান্টটি। খবর এপি।

মালয়েশিয়ার পেনাংয়ে ১৯৭২ সালে নিজেদের প্রথম অফশোর অ্যাসেম্বলি কারখানা স্থাপন করেছিল ইন্টেল। কিন্তু ক্যালিফোর্নিয়ার সান্টা ক্লারাভিত্তিক কোম্পানিটি সম্প্রতি জানায়, পেনাং ও কুলিমে তারা সাবসিডিয়ারি প্রতিষ্ঠানের কার্যক্রম সম্প্রসারণ করবে। সে লক্ষ্যে ৭১০ কোটি ডলার নতুন বিনিয়োগের ঘোষণা দিয়েছে তারা। এতে ইন্টেলে চার হাজারেরও বেশি নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। এছাড়া অন্যান্য স্থানীয় খাতে পাঁচ হাজারের বেশি নতুন কর্মসংস্থানে সহায়তা করবে। বর্তমানে মালয়েশিয়ায় ১৩ হাজার কর্মী ইন্টেলে কাজ করছেন, যা প্রতিষ্ঠানটির বৈশ্বিক শ্রমশক্তির প্রায় ১০ শতাংশ।