চীনের চিপ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসএমআইসির কাছে অত্যাধুনিক প্রযুক্তি সরবরাহ বন্ধে প্রতিরক্ষা বিভাগের প্রস্তাব বাস্তবায়নের কথা ভাবছেন মার্কিন উচ্চপদস্থ কর্মকর্তারা। খবর রয়টার্স।

দ্য ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত প্রতিবেদন এবং এ বিষয়ে অবগত সূত্রে জানা গেছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগের কয়েকজন কর্মকর্তা প্রতিরক্ষা বিভাগের এ প্রস্তাবনা নাকচের পরিকল্পনা করছেন।

গত বছর চীনের সামরিক বাহিনীর সঙ্গে যোগসাজশের অভিযোগে সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং ইন্টারন্যাশনাল করপোরেশনকে (এসএমআইসি) কালো তালিকাভুক্ত করে যুক্তরাষ্ট্র। তবে প্রতিষ্ঠানটি বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে। নিষেধাজ্ঞার ফলে প্রতিষ্ঠানটি চিপ উৎপাদনে মার্কিন প্রযুক্তির ব্যবহার থেকে বিতাড়িত হয়। এ বিষয়ে এসএমআইসির সঙ্গে যোগাযোগ করা হলে তাত্ক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

জার্নালের তথ্যানুযায়ী, সামনের মাসগুলোয় যুক্তরাষ্ট্রের উচ্চপদস্থ কর্মকর্তারা আরো বেশকিছু চীনা প্রযুক্তি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করার বিষয়ে পরিকল্পনা করছেন। জোরপূর্বক শ্রমের মাধ্যমে পণ্য উৎপাদন করায় সম্প্রতি চীনের জিনজিয়াং অঞ্চল থেকে আমদানি বন্ধে আইন পাস করেছে মার্কিন প্রতিনিধি পরিষদ।