আধুনিক প্রযুক্তির ব্যবহার নিয়ে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিরোধ চলমান। সম্প্রতি চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে ও জিটিইর কার্যক্রম রোধে নতুন আইনে স্বাক্ষর করেছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। এ সংকটের মধ্যে স্বাচ্ছন্দ্যে চিপ উৎপাদনের জন্য বৃহত্তর পরিকল্পনা গ্রহণ করেছিল দক্ষিণ কোরিয়ার সেমিকন্ডাক্টর উৎপাদনকারী প্রতিষ্ঠান এসকে হাইনিক্স। তবে প্রতিষ্ঠানটির পরিকল্পনার বিষয়ে আপত্তি জানিয়েছে যুক্তরাষ্ট্র। খবর রয়টার্স।

চীনে নিজেদের চিপ উৎপাদন কারখানায় আরো নতুন সুবিধা স্থাপন করার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। সংশ্লিষ্ট কয়েকটি সূত্রে বিষয়টি জানা গেছে। মূলত উন্নত প্রযুক্তির বিভিন্ন যন্ত্রাংশ চীনের বাজারে প্রবেশে যুক্তরাষ্ট্রের অনীহার ফলে পরিকল্পনাটি বাধার মুখে পড়েছে।

এসকে হাইনিক্সের উৎপাদন পরিকল্পনা অনুসারে প্রতিষ্ঠানটি চীনের উক্সি অঞ্চলের বৃহৎ উৎপাদন কারখানা স্থাপন করবে। এ কারখানায় সর্বাধুনিক প্রযুক্তির এক্সট্রিম আল্ট্রাভায়োলেট লিথোগ্রাফি (ইইউভি) সুবিধাযুক্ত চিপ উৎপাদনকারী যন্ত্রপাতি স্থাপন করবে প্রতিষ্ঠানটি। এসব যন্ত্র ডাচ প্রতিষ্ঠান এএসএমএলের তৈরি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বিশ্লেষকরা বলছেন, চীনে অবস্থিত কারখানায় বৃহদাকারের সুযোগ-সুবিধা স্থাপনের সিদ্ধান্ত কোম্পানিটিকে চীন-যুক্তরাষ্ট্রের মধ্যকার ভৌগোলিক সংঘাতের পরবর্তী ভুক্তভোগী হিসেবে তৈরি করতে পারে। বর্তমানে হাইনিক্স স্মার্টফোন থেকে শুরু করে ডাটা সেন্টারসহ সব ক্ষেত্রে বিশ্বব্যাপী ডির্যাম সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম স্থানে রয়েছে। এর আগে এ ধরনের সর্বাধুনিক প্রযুক্তি চীনে স্থাপন করলে তা চীনের সামরিক বাহিনীকে শক্তিশালী করার অভিযোগ তোলে যুক্তরাষ্ট্র। যা যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলোর নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।

চীনে এসকে হাইনিক্সের কারখানায় সর্বাধুনিক ইইউভি প্রযুক্তির যন্ত্র স্থাপনের ব্যাপারে কোনো ধরনের মন্তব্য করতে অস্বীকৃতি জানায় হোয়াইট হাউজের এক মুখপাত্র। তবে তিনি জানান, চীনের বাজারে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের তৈরি সর্বাধুনিক সেমিকন্ডাক্টর উৎপাদন প্রযুক্তির ব্যবহার বন্ধে বাইডেন প্রশাসন সতর্ক থাকবে। মূলত এ ধরনের কোনো পদক্ষেপ চীনা সামরিক বাহিনীকে শক্তিশালী করে তুলতে পারে।

চীনের উক্সিতে অবস্থিত এ চিপ উৎপাদনকারী কারখানাটি বৈশ্বিক ইলেকট্রনিক বাজারের জন্য খুব গুরুত্বপূর্ণ। এসকে হাইনিক্স উৎপাদিত প্রায় অর্ধেক চিপ এ কারখানায় তৈরি হয়ে থাকে। কারখানায় উৎপাদিত চিপের পরিমাণ বৈশ্বিক বাজারে সরবরাহকৃত চিপের ১৫ শতাংশ। ফলে এ কারখানায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তন এলে তা চিপের বৈশ্বিক বাজারে ব্যাপক প্রভাব ফেলবে। বিশ্লেষক প্রতিষ্ঠান আইডিসি জানায়, ২০২১ সালে বিশ্বব্যাপী চিপের চাহিদা ১৯ শতাংশ বেড়েছে।

গত কয়েক বছর এসকে হাইনিক্স উৎপাদিত চিপের উল্লেখযোগ্য অংশই নতুন ব্যবস্থায় উৎপাদন করা হয়।