কনটেন্ট নির্মাতারা যেন আরো সহজে আয় করতে পারেন সেজন্য নতুন টুলস আনতে যাচ্ছে ফেসবুক মালিকানাধীন ছবি ও ভিডিও শেয়ারিং প্লাটফর্ম ইনস্টাগ্রাম। খবর বিজনেস স্ট্যান্ডার্ড।

বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমটি অ্যাফিলিয়েট শপ ও ডেডিকেটেড পার্টনারশিপ ইনবক্সের পরীক্ষা চালাচ্ছে। গত জুনে ক্রিয়েটর উইক ইভেন্টে প্রতিষ্ঠানটি অ্যাফিলিয়েট শপ ফিচারটি প্রথম উন্মোচন করেছিল।

অ্যাফিলিয়েট শপ হলো ফেসবুকের বিদ্যমান শপিং ফিচারের একটি এক্সটেনশন। যেটি ব্যাপকভাবে প্রচলিত রয়েছে। তবে স্টোরফ্রন্টের সর্বশেষ সংস্করণটি নির্মাতাদের এমন পণ্যগুলোর সঙ্গে সংযোগ স্থাপনের সুযোগ প্রদান করে, যেগুলো এরই মধ্যে তাদের অনুমোদিত ব্যবস্থার অংশ।

প্রতিবেদনে বলা হয়, যখন কোনো কনটেন্ট নির্মাতার অনুসারীরা এসব দোকান থেকে কোনো পণ্য কিনবেন, তখন নির্মাতারা ক্রয়মূল্য থেকে কমিশন ফি পাবেন। প্রতিষ্ঠানটি জানায়, যেসব কনটেন্ট নির্মাতারা বর্তমানে অ্যাফিলিয়েট প্রোগ্রামের আওতায় রয়েছে শুধু তারাই শপিং ফিচার ব্যবহার করতে পারবেন।