সামাজিক যোগাযোগমাধ্যমের মধ্যে ফেসবুকে অ্যাকাউন্ট বন্ধ হলে সেটি সহজে ফিরে পাওয়ারও কোনো উপায় এতদিন ছিল না। বিশেষ করে ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করাটাই কঠিন ছিল। তবে শিগগিরই এ সমস্যার সমাধান হতে যাচ্ছে। ব্লুমবার্গের তথ্যানুযায়ী, ব্যবহারকারীদের জন্য কাস্টমার সাপোর্ট ডিভিশন চালু করতে যাচ্ছে মেটা। খবর এনগ্যাজেট।
নতুন ডিভিশনের মাধ্যমে যেসব ব্যবহারকারীর অ্যাকাউন্ট ভুলক্রমে বা পোস্টের কারণে বন্ধ হয়ে গিয়েছে সেগুলোর ব্যাপারে কথা বলা যাবে। তবে ডিভিশন চালুর বিষয়ে মেটার পরিকল্পনা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। ফলে কবে নাগাদ নতুন পরিষেবাটি সবার জন্য চালু করা হবে সে বিষয়ে পরিষ্কার কোনো তথ্য পাওয়া যায়নি।
ব্লুমবার্গের তথ্যানুযায়ী, মেটার ওভারসাইট বোর্ডের অন্তর্দৃষ্টির মাধ্যমে এ পরিকল্পনা পরিচালিত হচ্ছে। ব্যবহারকারীরা যখন কোনো কনটেন্ট বা নিয়ম পরিবর্তনের বিষয়ে কোনো আবেদন করে তখন বোর্ড আবেদন পর্যালোচনা করে। দীর্ঘদিন থেকে বোর্ড জানিয়ে আসছিল, সিদ্ধান্ত গ্রহণের বিষয়ে ব্যবহারকারীদের সঙ্গে মেটার আরো স্বচ্ছ ও উন্মুক্তভাবে যোগাযোগ করা প্রয়োজন।
কাস্টমার সার্ভিস ডিভিশন চালুর পর এর দায়িত্বে থাকা প্রতিনিধিরা যখন ব্যবহারকারীদের সঙ্গে সরাসরি যোগাযোগ শুরু করবেন তখন সেটি অনেকের চিন্তা দূর করবে। বর্তমানে হ্যাকারের আক্রমণের কারণে, নীতিমালা ভঙ্গসহ কোনো কারণে অ্যাকাউন্ট হারালে সেটি ফিরে পেতে ব্যবহারকারীদের কাছে অল্প কিছু সমাধান রয়েছে। যেসব টুল রয়েছে সেগুলো প্রায় সময়েই কোনো সমাধান দিতে পারে না। এ কারণে অনেক সময় ব্যবহারকারী আইনি সহায়তা গ্রহণের পাশাপাশি নিজ থেকে অ্যাকাউন্ট পুনরুদ্ধারে হ্যাকারের সহায়তা নেয়। নতুন ডিভিশনটি কীভাবে কাজ করবে বা পরিচালিত হবে কিংবা কারা সহায়তা পাবে সে বিষয়ে মেটার পক্ষ থেকে কিছু জানানো হয়নি।










