দীর্ঘ সময় ধরে এক্সবক্স সিরিজ এক্স/এস লাইফসাইকেল নিয়ে কাজ করছে মাইক্রোসফট। সম্প্রতি এক ঘোষণায় এক্সবক্স ওয়ানের জন্য নতুন কোনো গেম তৈরি করা হবে না বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের এ প্রযুক্তি জায়ান্ট। খবর এনগ্যাজেট।

আগের জেনারেশনে বাজারে আনা মাইনক্রাফট ও হালো ইনফিনিটসহ অন্যান্য গেমের সাপোর্ট বজায় থাকবে। তবে এক্সবক্স গেম স্টুডিওস টিম পুরনো কনসোলের জন্য নতুন কোনো গেম টাইটেল তৈরি করছে না বলে সূত্রে জানা গেছে। স্টুডিওর প্রধান ম্যাট বুটি এক্সিওসকে জানান, আমরা জেনারেশন ৯-এ স্থানান্তরিত হয়েছি। এর মাধ্যমে তিনি এক্সবক্স সিরিজ এক্স/এস কনসোলকে নির্দেশ করেছেন। কম্পিউটারের জন্যও গেম তৈরি করে কোম্পানিটি।

এক্সবক্স ওয়ান কনসোলটি এক দশকের বেশি পুরনো। তাই নতুন করে বাজারে আনা কোনো গেম যেন ডিভাইসের জন্য সমস্যার কারণ না হয়ে দাঁড়ায়, সেজন্য এ উদ্যোগ নেয়া হয়েছে। তবে এক্সবক্স ওয়ান কনসোলের মাধ্যমে এক্স/এস টাইটেলের স্টারফিল্ড ও ফোরজা মোটরস্পোর্ট ক্লাউড গেমিংয়ের মাধ্যমে খেলা যাবে। বুটি জানান, এভাবেই কোম্পানিটি সাপোর্ট অব্যাহত রাখবে।

গত সপ্তাহে এক্সবক্সের জন্য একাধিক টাইটেল আনার ঘোষণা দেয়া হয়েছে। এর মধ্যে কমপালশনের সাউথ অব মিডনাইট ও ইনজাইলসের ক্লকওয়ার্ক রেভল্যুশন রয়েছে। এক্সবক্স ওয়ান থেকে সরে আসার ফলে মাইক্রোসফট টিম অনেকটাই চাপমুক্ত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কিছু ডেভেলপার এক্সবক্স সিরিজ এসের বিষয়েও প্রশ্ন তুলেছে। এটি ওয়ানের থেকেও পুরনো।