প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, সরকার আইসিটিকে উন্নয়নের অন্যতম চালিকাশক্তি হিসেবে স্বীকৃতি দিয়েছে। এ কারণেই ২০১১ সালে আইসিটির জন্য একটি পৃথক মন্ত্রণালয় তৈরি করা হয়েছে। আইসিটি বিভাগের সংস্থা বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ হাইটেক পার্ক স্থাপন করছে। সরকারের আইসিটি বান্ধব নীতিগুলো এ খাতে অভ্যন্তরীণ বিনিয়োগকে আকৃষ্ট করছে। বাংলাদেশের আইসিটি সেক্টরে বিনিয়োগে আগ্রহী আন্তর্জাতিক কোম্পানিগুলোর আদর্শ কৌশলগত অংশীদার হয়ে উঠতে পারে তারা। এটি কেবল খাতের সম্ভাবনাকে কাজে লাগাবে না, এটি কর্মসংস্থানের সুযোগ এবং দক্ষ মানবসম্পদও তৈরি করবে।
রোববার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের বিশ্ব সম্মেলন ‘ওয়ার্ল্ড কংগ্রেস অন ইনফরমেশন টেকনোলজি ২০২১ (ডব্লিউসিআইটি-২০২১) এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাপনী দিনে তথ্যপ্রযুক্তিনির্ভর বিশ্বের অন্যতম শীর্ষ সম্মেলন ডব্লিউসিআইটি’র রজতজয়ন্তী উদ্যাপিত হয়।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, উইটসা মহাসচিব জেমস এইচ পয়সান্ট, বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) সভাপতি শাহিদ-উল-মুনীর, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) নির্বাহী পরিচালক মো. আব্দুল মান্নান। অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন উইটসা চেয়ারম্যান ইয়ানিস সিরোস।
অনুষ্ঠানে সালমান এফ রহমান বলেন, বর্তমান কোভিড-১৯ মহামারি পরিস্থিতি সত্ত্বেও আমরা আমাদের মাটিতে সফলভাবে ডব্লিউআইটিসি-২০২১ আয়োজন করতে সক্ষম হয়েছি যা দেশে এমন একটি মর্যাদাপূর্ণ আইসিটি ইভেন্ট আয়োজনে আমাদের সক্ষমতা প্রদর্শন করে। আমি বিশ্বাস করি যে, এই সম্মেলন ডিজিটাল বিপ্লবের চতুর্থ ধাপের উপরও আলোকপাত করবে, যা আমাদের চোখের সামনে রৈখিক গতির পরিবর্তে সূচকীয় গতিতে বিকশিত হচ্ছে, প্রতিটি দেশের প্রায় প্রতিটি শিল্পকে ব্যাহত করছে এবং আমাদের জীবনযাত্রা, কাজ করার পদ্ধতিকে মৌলিকভাবে পরিবর্তন করছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ সরকার দেশকে বদলে দিতে একটি সুখী, সমৃদ্ধ ও জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়ার রূপকল্প গ্রহণ করেছে। ২০৪১ সালের মধ্যে একটি উন্নত দেশে পরিণত হবে বাংলাদেশ।
তিনি বলেন, আমি প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদের ডিজিটাল বাংলাদেশ-এর দূরদর্শী ধারণার গভীরভাবে প্রশংসা করতে চাই, যা সরকারি কর্মকাণ্ডের ডিজিটালাইজেশনের পাশাপাশি বৈপ্লবিক পরিবর্তন এনেছে।










