আইওএস ১৫.২ ভার্সনে পার্টস অ্যান্ড সার্ভিস হিস্টোরি নামে নতুন সেকশন যুক্ত করতে যাচ্ছে অ্যাপল। এর মাধ্যমে ব্যবহারকারীরা আইফোনে ব্যবহূত ব্যাটারি, ক্যামেরা ও ডিসপ্লে আসল কী নকল তা যাচাই করতে পারবেন। পাশাপাশি যন্ত্রাংশগুলো অ্যাপল অনুমোদিত কিনা তাও নিশ্চিত হওয়া যাবে। খবর এনগ্যাজেট।
আপডেটের পর তথ্য অনুসন্ধানের সময় যদি কোনো যন্ত্রাংশ আননোন হিসেবে তালিকাভুক্ত দেখা যায়, তাহলে হয় সেটি আনঅফিশিয়াল কিংবা অন্যান্য আইফোনে আগে ব্যবহূত হয়েছে। ব্যবহারকারীরা যেন নিজ উদ্যোগে আইফোন মেরামত করতে পারেন, সেজন্য সেলফ রিপেয়ার প্রোগ্রাম চালু করতে যাচ্ছে অ্যাপল। আইওএসের ফিচারটি এর সঙ্গে সম্পৃক্ত। তবে আননোন বা অপরিচিত যন্ত্রাংশের যে লেবেল ব্যবহার করা হবে সেটি সেলফ রিপেয়ার আন্দোলনকারীদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিচ্ছে।
আইওএস ডিভাইস ব্যবহারকারীরা যেন অফিশিয়াল পণ্য ব্যবহার করতে পারেন সে লক্ষ্যে নতুন আপডেট নিয়ে কাজ করছে অ্যাপল। ফলে যারা অ্যাপলের নাম ব্যবহার করে খারাপ যন্ত্রাংশ বিক্রির পরিকল্পনা করেছে বা করছে তাদের সহজেই চিহ্নিত করা যাবে।










