ব্যবহারকারীদের সুবিধার্থে বড় আকারের ফাইল পাঠানোর সুবিধা চালু করতে পারে মেটা মালিকানাধীন মেসেজিং প্লাটফর্ম হোয়াটসঅ্যাপ। ওয়াবেটাইনফো প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, ফিচার চালুর মাধ্যমে সর্বোচ্চ ২ গিগাবাইটের ফাইল পাঠানো যাবে। খবর গ্যাজেটস নাউ।

নিরাপদ ও ইনস্ট্যান্ট মেসেজিং প্লাটফর্ম হিসেবে পরিচিতি পেলেও এতদিন হোয়াটসঅ্যাপে ১০০ মেগাবাইটের বেশি কোনো ফাইল বা পিডিএফ পাঠানো যেত না। প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, বর্তমানে শুধু আর্জেন্টিনার বেটা ব্যবহারকারীদের জন্য ফিচারটি চালু রয়েছে। দেশটির বেটা ব্যবহারকারীরা অ্যান্ড্রয়েড ও আইওএস দুটি ওএসের ডিভাইসেই ফিচারটি ব্যবহার করতে পারছেন। ফিচারটি সবার জন্য কবে উন্মুক্ত করা হবে সে বিষয়ে হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে জানানো বা প্রতিবেদনে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

ওয়াবেটাইনফোর প্রতিবেদনে বলা হয়, বর্তমানে ফাইল পাঠানোর ক্ষেত্রে যে মাত্রা নির্ধারিত, সেখানেও হোয়াটসঅ্যাপ পরিবর্তন আনতে পারে। এখন পর্যন্ত অনেক ফিচারই বেটা ভার্সন থেকে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়নি। হোয়াটসঅ্যাপের অন্যতম প্রতিযোগী টেলিগ্রামে ২ গিগাবাইট পর্যন্ত ফাইল পাঠানোর সুবিধা রয়েছে। তাই সংশ্লিষ্ট ও প্রযুক্তিবিদদের ধারণা হোয়াটসঅ্যাপও শিগগিরই ফিচারটি চালু করতে পারে। এরই মধ্যে ব্যবহারকারীদের জন্য মাল্টি-ডিভাইস ফিচার উন্মুক্ত করে দিয়েছে মেটা মালিকানাধীন মেসেজিং প্লাটফর্মটি।