২০২২ সালের মধ্যে রাশিয়ায় স্থানীয় অফিস থাকতে হবে প্রযুক্তি কোম্পানিগুলোর। এর ব্যত্যয় হলে কড়া পদক্ষেপ এমনকি রাশিয়ায় নিষিদ্ধও হতে পারে বলে জানায় মস্কো। যে ১৩টি বিদেশী কোম্পানির প্রতি মস্কো এ আহ্বান জানিয়েছে তার বেশির ভাগই যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি। খবর রয়টার্স।
নতুন নীতিমালার কথা জানিয়ে রাশিয়ার টেলিকম নিয়ন্ত্রক জানায়, যাদের পাঁচ লাখেরও বেশি দৈনিক ব্যবহারকারী রয়েছে তাদের ২০২২ সালের ১ জুলাইয়ের মধ্যে স্থানীয় অফিস স্থাপন করতে হবে। যারা এ নীতিমালা লঙ্ঘন করবে তাদের পুরোপুরি নিষিদ্ধ করা থেকে শুরু করে, বিজ্ঞাপন সীমিত করে দেয়া, অর্থ লেনদেন ও তথ্য উপাত্ত আটকে দেয়ার মতো বিভিন্ন পদক্ষেপ নেয়া হবে।
যে কোম্পানিগুলোর প্রতি মস্কো এ আহ্বান জানিয়েছে সম্প্রতি তাদের নাম প্রকাশ করেছে তারা। এর মধ্যে রয়েছে অ্যালফাবেট নিয়ন্ত্রণাধীন গুগল, ফেসবুক, টুইটার, টিকটক ও মেসেজিং অ্যাপ টেলিগ্রাম। মস্কোর আহ্বানে সাড়া না দিয়ে অবৈধ কনটেন্ট ডিলিট না করায় এ কোম্পানিগুলো চলতি বছরে বড় অংকের জরিমানার মুখোমুখি হয়েছে।










