নিজেদের প্লাটফর্মে আরো অডিওবুক সরবরাহ নিশ্চিতের জন্য অডিওবুক ডিস্ট্রিবিউটর ফাইন্ডঅ্যাওয়ে অধিগ্রহণ করল স্পটিফাই। ২০০৫ সালে যাত্রা করা ফাইন্ডঅ্যাওয়ের হাতে রয়েছে বৃহত্তম অডিওবুকের ক্যাটালগ। অ্যাপল, গুগল ও অ্যামাজনের অডিবলের মতো কোম্পানির কাছে অডিওবুক পাইকারিতে বিক্রি করছে ওহাইওর সোলনভিত্তিক কোম্পানিটি। খবর রয়টার্স ও গিজমোদো।
গবেষণা প্রতিষ্ঠান ওমডিয়ার বরাতে জানা গেছে, ২০২১ সালে বৈশ্বিক অডিওবুক বিক্রি হতে পারে ৪৮০ কোটি ডলার। ২০২৬ সালে তা দ্বিগুণ বেড়ে ৯৩০ কোটি ডলারে দাঁড়াতে পারে। দ্রুত সম্প্রসারমাণ অডিওবুকের বাজারে নিজেদের অবস্থান শক্তিশালী করতে ফাইন্ডঅ্যাওয়ে অধিগ্রহণ করতে যাচ্ছে স্পটিফাই। চলতি বছরের শেষের দিকে এ অধিগ্রহণ সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। তবে কী পরিমাণ অর্থে এ অধিগ্রহণ হচ্ছে তা নিশ্চিত হয়নি।
পডকাস্ট খাতে নিজেদের অবস্থান শক্তিশালী করার পাশাপাশি এবার অডিওবুকের দিকে মনোযোগ দিয়েছে সুইডিশ মিউজিক স্ট্রিমিং জায়ান্টটি।
স্পটিফাইয়ের চিফ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসার গস্তাব সোদারস্ট্রম জানান, অডিওবুকের জগতে স্পটিফাইয়ের উপস্থিতি শক্তিশালী করবে ফাইন্ডঅ্যাওয়ে অধিগ্রহণ।
স্পটিফাই তাদের ফ্রি ও পেইড ইউজারদের কাছে অডিওবুক বিক্রির পরিকল্পনা করছে বলে জানা গেছে।
গত প্রান্তিকে স্পটিফাইয়ের সক্রিয় মাসিক ব্যবহারকারীর সংখ্যা ১৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩৮ কোটি ১০ লাখ। একই সময়ে তাদের আয় দাঁড়িয়েছে ২৫০ কোটি ইউরো বা ২৮৭ কোটি ডলার। যুক্তরাষ্ট্রে শীর্ষ পডকাস্ট প্রোভাইডার হিসেবে অ্যাপলকে ছাড়িয়ে যাওয়ার দাবি করেছে স্পটিফাই।










