ভারতে কারখানা বন্ধ করে দিয়েছে অ্যাপলের অন্যতম সরবরাহকারী প্রতিষ্ঠান ফক্সকন। চলতি সপ্তাহের পুরো সময়ই দক্ষিণ ভারতের চেন্নাইয়ে অবস্থিত কারখানাটি বন্ধ থাকবে বলে প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে। খবর গিজমোচায়না।
রয়টার্সের এক প্রতিবেদনের তথ্যানুযায়ী, খাবারে বিষক্রিয়ার কারণে ১৫০ জন কর্মী অসুস্থ হওয়ার পর আন্দোলন বিক্ষোভে রূপ নেয়। এর পরই কারখানা বন্ধের সিদ্ধান্ত নেয় ফক্সকন। এ বিষয়ে অবগত সরকারি তিনটি সূত্র জানায়, গত মঙ্গলবার কারখানাটি পুরোপুরি জনশূন্য দেখা গেছে। পাশাপাশি সেখানে কোনো কাজও সম্পাদন হতে দেখা যায়নি। এ ঘটনার বিষয়ে অ্যাপল বা ফক্সকনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়া হয়নি। অন্যদিকে কুপারটিনোভিত্তিক প্রতিষ্ঠান অ্যাপল যখন সরবরাহ সংকট সমাধানে কাজ করছিল, যেটি এরই মধ্যে প্রতিষ্ঠানটির একাধিক ইলেকট্রনিক গ্যাজেট উৎপাদন ব্যাহত করেছে, তখনই ফক্সকনের কারখানা বন্ধের সিদ্ধান্ত সামনে আসে। অক্টোবরে প্রতিষ্ঠানটি এক ঘোষণায় জানিয়েছিল যে সরবরাহ সংকটের কারণে ছুটির মৌসুমেও বিক্রিতে প্রভাব পড়বে।










