প্রযুক্তির উন্নয়নের সঙ্গে মোবাইল ফোনের আকার ও গঠনেও পরিবর্তন এসেছে। অতীতে দেখতে অসুন্দর, বড়-ভারী ফোনের ব্যবহার ছিল বেশি। কিন্তু বর্তমানে যে ধরনের মোবাইল ফোন ব্যবহূত হয় সেগুলো প্রযুক্তি, আকার ও বাহ্যিক গঠন সব দিক থেকেই উন্নত। ঘড়ির মতো মোবাইলও পাওয়া যাচ্ছে বাজারে। এত ডিভাইসের মধ্যে শুধু ব্রেসলেটের মতো মোবাইল বাকি ছিল। ভবিষ্যতে সেটিও বাজারে আসতে পারে।

গ্যাজেটস থ্রিসিক্সটি প্রকাশিত এক প্রতিবেদনের তথ্যানুযায়ী, গবেষকরা এমন একটি বহুমুখী ফোন তৈরির চিন্তা করছেন, যেটি চাইলে ভাঁজ করে পকেটে বা মানিব্যাগে রাখা যাবে। আবার চাইলে ডিভাইসটির ডিসপ্লে ট্যাবলেটের মতো বড় করা যাবে অথবা কবজির চারপাশে ঘড়ির মতো মুড়িয়ে রাখা যাবে।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের ম্যাকেলভি স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের কয়েকজন গবেষক ডিজিটাল ডিসপ্লে উন্নয়নের এ পদক্ষেপ গ্রহণ করেছেন। পেস্টন এম গ্রিন ডিপার্টমেন্ট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড সিস্টেম ইঞ্জিনিয়ারিংয়ের সহকারী অধ্যাপক চুয়ান ওয়াংয়ের নেতৃত্বে গবেষণাটি চলছে।

গবেষকরা একটি নতুন উপাদান বের করেছেন, যা এলইডি এবং ওএলইডি প্রযুক্তিনির্ভর। চারপাশে ভাঁজ করা যায়, এমন ডিসপ্লে তৈরিতে তারা ইঙ্কজেট প্রিন্টার ব্যবহার করেছেন। অ্যাডভান্সড ম্যাটেরিয়ালস জার্নালে তাদের এ গবেষণাটি প্রকাশিত হয়েছে।

নতুন ধরনের ডিসপ্লের জন্য গবেষকরা ঐতিহ্যবাহী স্পিন আর্ট পদ্ধতির পরিবর্তে বিশেষ ধরনের স্ফটিক উপাদান দিয়ে অর্গানোমেটাল হ্যালাইড (ওএমএইচ) পেরোভস্কাইট তৈরি করেছেন। এটি অরগানিক-ইন অরগানিক যৌগ প্রদর্শনকে নমনীয় করে তোলে, যা থেকে পেরোভস্কাইট লাইট-এমিটিং ডায়োড পাওয়া যেতে পারে।