মাতৃভাষার পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে যোগাযোগের জন্য অন্যান্য ভাষা জানা জরুরী। আর যুক্তরাষ্ট্রভিত্তিক শিক্ষাগত প্রযুক্তিপ্রতিষ্ঠান ডুয়োলিঙ্গো দীর্ঘদিন থেকে কাজ করে আসছে। এর অংশ হিসেবে এবার বাংলাভাষীদের জন্য ইংরেজি ভাষাশিক্ষা কোর্স চালু করেছে প্লাটফর্মটি।
বাংলায় প্লাটফর্মটি ব্যবহারের মাধ্যমে ইংরেজি শেখা যাবে। উপমহাদেশের অন্যতম প্রচলিত ভাষা হওয়ায় বাংলাদেশের অধিবাসীসহ পৃথিবীর যেকোনো অঞ্চলের বাংলাভাষী মানুষ ডুয়োলিঙ্গো থেকে বিনামূল্যে ইংরেজি শিখতে পারবে।
ডুয়োলিঙ্গোর লক্ষ্য হলো, বাংলায় ইংরেজি শেখার এ মজার অ্যাপ বাংলাদেশ ও ভারতে বসবাসকারী ৩০০ মিলিয়ন বাংলাভাষীর কাছে সহজলভ্য করা। এর কোর্স ম্যাটেরিয়ালগুলো গ্যামিফায়েড ও ইন্টারঅ্যাক্টিভ, যা ব্যবহারকারীদের জন্য বেশ মজার হবে।
বাংলা অন্তর্ভুক্তির প্রসঙ্গে ডুয়োলিঙ্গোর মুখপাত্র করণদীপ সিং কাপানি বলেন, এখানে ইংরেজি শেখাকে সাধারণত খুব কঠিন মনে করা হয়। কিন্তু অনেকেই এটা বোঝে না যে স্থানীয় উপমহাদেশীয় ভাষাগুলো অনেক বেশি জটিল, যার তুলনায় ইংরেজি ভাষা অনেক সহজ। ইন্টারনেট ও ডিজিটালাইজেশনের উত্তরোত্তর চাহিদা বৃদ্ধির ফলে বাংলাদেশ হলো এমন একটি বিশাল বাজার যেখানে আমাদের সেবা সম্প্রসারণের জন্য আমরা মুখিয়ে আছি। ডুয়োলিঙ্গোয় ইংরেজি শেখা অনেকটা গেমস খেলার মতো। ব্যবহারকারীরা বিভিন্ন ধাপে পয়েন্ট অর্জন করবে এবং পরবর্তী ধাপে পৌঁছবে। এর ভেতরেই ইংরেজি শেখা যাবে। অধ্যায়গুলো ‘বাইট-সাইজড’,
যার মানে এগুলো ছোট ছোট ধাপ, যা সম্পাদন করতে আলাদা করে পড়তে বসতে হবে না।










