উইন্ডোজ ব্যবহারকারীদের জন্য ভিউ ওয়ান্স ফিচারের পরীক্ষা চালাচ্ছে হোয়াটসঅ্যাপ। মোবাইল অ্যাপ থেকে ফিচারটি ব্যবহারের মাধ্যমে পাঠানো ছবি ও ভিডিও দেখতে এ উদ্যোগ নিয়েছে মেসেজিং প্লাটফর্মটি। খবর গ্যাজেটস থ্রিসিক্সটি।

হোয়াটসঅ্যাপের ইউনিভার্সাল উইন্ডোজ প্লাটফর্মের (ইউডব্লিউপি) অ্যাপে বেটা ভার্সনটির সন্ধান পাওয়া গেছে। সেখানে বর্তমানে ফিচারটির পরীক্ষা চালানো হচ্ছে। ডেস্কটপের ফিচারের পাশাপাশি মেটা মালিকানাধীন প্লাটফর্মটি মেসেজে আসা নাম্বারগুলো ফোনবুকে যুক্ত করার জন্য বা কল দেয়ার সুবিধার্থে নতুন পপ আপ মেনুর উন্নয়নে কাজ করছে।

ওয়াবেটাইনফোর তথ্যানুযায়ী, হোয়াটসঅ্যাপের উইন্ডোজ বেটার সর্বশেষ সংস্করণে ভিউ ওয়ান্স ফিচার ব্যবহারের মাধ্যমে ছবি ও ভিডিও দেখার পরীক্ষা চালানো হচ্ছে। তবে সংস্করণটি ব্যবহারের মাধ্যমে একই ধরনের ফাইল পাঠানো সম্ভব হচ্ছে না।

গত বছর অ্যান্ড্রয়েড ও আইওএস প্লাটফর্মের ব্যবহারকারীদের জন্য ভিউ ওয়ান্স ফিচারটি চালু করা হয়। ফিচারটির মাধ্যমে ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপে যেসব ছবি ও ভিডিও পাঠিয়ে থাকেন, সেগুলো অন্য প্রান্ত থেকে দেখামাত্রই স্বয়ংক্রিয়ভাবে ডিলিট হয়ে যায়। তবে অন্য প্রান্তের ব্যবহারকারী চাইলে স্ক্রিনশট ধারণ বা রেকর্ডের মাধ্যমে ফাইলগুলো সেভ করে রাখতে পারেন।

উইন্ডোজের বেটা ব্যবহারকারীদের পাশাপাশি অ্যান্ড্রয়েড বেটা ভার্সনে পপ আপ মেনু যুক্ত করতে কাজ চলছে। চ্যাটলিস্টে নাম্বারটি অনলাইনে আসার পর সেটিতে ক্লিক করলে ব্যবহারকারীরা ফোন থেকে কল বা কন্টাক্ট লিস্টে যুক্ত করতে পারবেন। নাম্বারটি হোয়াটসঅ্যাপে আগে থেকে চালু থাকলে ফিচারটি ব্যবহারকারীদের সরাসরি চ্যাট করার সুবিধা দেবে।