ক্রোম অপারেটিং সিস্টেম এক্সটেনশনে সব ধরনের সহায়তা বন্ধ করে দিচ্ছে ভিডিও কনফারেন্সিং অ্যাপ জুম। এখন থেকে ক্রোম ওএস এক্সটেনশন ব্যবহারকারীরা জুম প্রগ্রেসিভ ওয়েব অ্যাপ (পিডব্লিউএ) ব্যবহার করতে পারবেন। চলতি বছরের জুনে ব্যবহারকারীদের জন্য নতুন অ্যাপ চালু করেছে জুম। খবর গ্যাজেটস নাউ।

অনলাইনে ৯টু৫গুগল প্রকাশিত এক প্রতিবেদনের তথ্যানুযায়ী, অরিজিনাল ক্রোম অপারেটিং সিস্টেম অ্যাপের জন্য সব ধরনের সহায়তা বন্ধ করে দিয়েছে জুম। এখন থেকে ব্যবহারকারীরা এ এক্সটেনশন ব্যবহারের মাধ্যমে আর মিটিংয়ে যুক্ত হতে পারবেন না।

প্রতিবেদনে আরো বলা হয়, প্রতিষ্ঠানটি ক্রোম ওয়েব স্টোর থেকেও অ্যাপটি সরিয়ে দিয়েছে। ডাইরেক্ট লিংক ব্যবহারের মাধ্যমে এটি ব্যবহার করা যায়। বর্তমানে যদি কোনো ব্যবহারকারী ক্রোমে থাকা এক্সটেনশন ব্যবহার করে জুমে প্রবেশ করতে চান তখন মিটিংয়ে যোগ দেয়ার জন্য জুম ক্লায়েন্ট আপডেটের নোটিফিকেশন দেখানো হয়।

চলতি বছরের জুনে ক্রোম অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের জন্য আলাদা প্রগ্রেসিভ ওয়েব অ্যাপ্লিকেশন চালু করেছে জুম। এছাড়া ব্যবহারকারীরা যেকোনো অ্যান্ড্রয়েড অ্যাপের মতো প্রগ্রেসিভ ওয়েব অ্যাপ (পিডব্লিউএ) ইনস্টল করতে পারবেন এবং এটি অন্যান্য প্লাটফর্মে থাকা জুম অ্যাপের মতো কাজ করবে।