বছরের পর বছর গুগল ক্রোমের একটি ব্রাউজার এক্সটেনশনের আড়ালে নিজেদের কাজ চালিয়ে যাচ্ছে স্ক্যামাররা। তাদের ফাঁদে পা দিয়ে হাজার হাজার ব্যবহারকারী ডিভাইসে অ্যাডওয়্যার ইনস্টল করতে বাধ্য হয়েছে। খবর টেকরাডার।

ব্লিপিংকম্পিউটার সম্প্রতি পুনিউজঅ্যাপ নামে একটি প্রতিষ্ঠানের সন্ধান পেয়েছে, যারা ক্রোম ব্রাউজারের জন্য ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার নামে একটি এক্সটেনশন তৈরি করেছে, যার মাধ্যমে ব্যবহারকারীরা ৫০০ শতাংশ বেশি ডাউনলোড স্পিড পাবে বলে উল্লেখ করা হয়েছে। বিশেষ করে চলচ্চিত্র, গেম ও অন্যান্য বড় ফাইল ডাউনলোডের জন্য এটি খুবই কার্যকর হিসেবে উপস্থাপন করা হয়েছে।

ফাইল ডাউনলোডের এ অঙ্গীকারের আড়ালে এক্সটেনশনটি ডিভাইসের ক্ষতিও করত; যার মধ্যে স্প্যাম সাইট চালু করা, ডিফল্ট ব্রাউজার ও সার্চ ইঞ্জিন পরিবর্তন করে দেয়া, পপ আপের মাধ্যমে বিজ্ঞাপন দেখানো এবং ব্যবহারকারীদের আরো বেশি ফাইল ও প্রোগ্রাম ডাউনলোডের জন্য উদ্বুদ্ধ করা। এক্সটেনশনটি ব্রাউজারের ডিফল্ট সার্চ ইঞ্জিন স্মার্টওয়েবফাইন্ডারে পরিবর্তন করে দেয়।

অ্যাডওয়্যার হওয়া সত্ত্বেও এক্সটেনশনটি তিন বছর ধরে ক্রোম প্লে স্টোরে অবস্থান করছে। সেই সঙ্গে রিভিউয়ে ক্ষতিকর দিক উল্লেখ করে এক্সটেনশনটির ব্যবহার থেকে বিরত থাকার কথা বলা হলেও দুই লাখের বেশিবার এটি ডাউনলোড করা হয়েছে। ভুয়া হলেও এক্সটেনশনটির জনপ্রিয়তা পাওয়ার পেছনে আসল ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারের ভূমিকা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।