দীর্ঘ জল্পনা-কল্পনা শেষে আগামী বছরের শুরুতে বাজারে মিক্সড রিয়েলিটি ডিভাইস আনতে যাচ্ছে অ্যাপল। খবর আইএএনএস।

অ্যাপল ইনসাইডারের প্রতিবেদনের তথ্যানুযায়ী, পাওয়ার অন নিউজ লেটারের সর্বশেষ সংস্করণে মার্ক গ্রুম্যান দাবি জানিয়ে বলেন, অত্যাধুনিক চিপ, উন্নত ডিসপ্লে, সেন্সর ও অ্যাভাটার কেন্দ্রিক ফিচারের সমন্বয়ে অ্যাপল আগামী বছরের শুরুর দিকে রিয়েলিটি ডিভাইস আনবে অ্যাপল।

অ্যাপলের হেডসেটে অগমেন্টেড ও ভার্চুয়াল রিয়েলিটি ফিচার থাকবে। যেগুলো সমন্বিতভাবে মিক্সড রিয়েলিটি অভিজ্ঞতা দেবে এবং উচ্চ ক্ষমতার গেম নিয়ন্ত্রণ করতে পারবে। তবে দুঃখজনক হলো অ্যাপলের নতুন এ মিক্সড রিয়েলিটি ডিভাইস বা হেডসেট ভোক্তাদের জন্য আনা হচ্ছে না। ডেভেলপার ও বাণিজ্যিক গ্রাহকদের জন্য এ ডিভাইস আনা হচ্ছে।

অ্যাপলের বিশ্লেষক মিং চি কুওর মতে, অ্যাপলের হেডসেটটি ইউজার ইন্টারফেসের ক্ষেত্রে পরবর্তী প্রজন্মের অভিজ্ঞতা দেবে। সেই সঙ্গে গেমিংয়ের জন্য বাজারে যেসব অগমেন্টেড ও ভার্চুয়াল ডিভাইস রয়েছে, সেগুলোতে পরিবর্তন আনবে।

প্রযুক্তিবিদ ও সংশ্লিষ্টদের ধারণা, অ্যাপলের হেডসেটটি অকুলাস কোয়েস্টের মতো হবে। এতে ১৫টি ক্যামেরা মডিউল, আই ট্র্যাকিং, আইরিশ রিকগনিশন ফিচার থাকতে পারে।

এর দাম পড়তে পারে ২ হাজার থেকে ৩ হাজার ডলার।