চ্যাটজিপিটিকে টেক্কা দিতে চ্যাটবট বার্ড চালু করেছিল গুগল। প্রতিযোগিতায় এগিয়ে যেতে এতে যুক্ত করা হচ্ছে নিত্যনতুন ফিচার। তবে সম্প্রতি এক চমকপ্রদ খবর দিয়েছে অ্যালফাবেটের মালিকানাধীন প্রতিষ্ঠানটি। আর সেটি হলো কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) চ্যাটবট বার্ডকে আরেক ধাপ উন্নয়ন করতে যাচ্ছে তারা। নতুন আপডেটে সফটওয়্যার তৈরির জন্য কোডিং করতে সাহায্য করবে গুগল বার্ড।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন বলছে, গত বছর মাইক্রোসফটের সমর্থিত স্টার্টআপ ওপেনএআইয়ের চ্যাটবট চ্যাটজিপিটি প্রকাশের পর প্রযুক্তিজগতে তুমুল সাড়া পায়। তখন থেকেই খাতটিতে প্রতিযোগিতা ও সম্ভাবনা বাড়তে থাকে। এরই ধারাবাহিকতায় গত মাসে গুগল মাইক্রোসফট করপোরেশনের এআই উদ্যোগকে টেক্কা দিতে বার্ডের পাবলিক রিলিজ শুরু করে।
গুগল বার্ডকে জেনারেটিভ এআইয়ের সঙ্গে ব্যবহারকারীর সমন্বয়ের একটি পরীক্ষা হিসেবে বর্ণনা করেছে। ডেভেলপাররা এর সাহায্যে সফটওয়্যার তৈরির কোডিং করতে পারে। এটি এমন একটি প্রযুক্তি যা পুরনো ডাটার ওপর নির্ভর করে এবং নতুন কোড তৈরি করে।
গুগল জানিয়েছে, বার্ড জাভা, সি++ এবং পাইথনসহ ২০টি প্রোগ্রামিং ভাষায় কোড করতে পারবে। পাশাপাশি ব্যবহারকারীদের ডিবাগিং এবং কোড ব্যাখ্যা করতে সাহায্য করতে পারবে। গুগুলের দাবি, বার্ড কোডটিকে আরো দ্রুত বা সহজ নির্দেশনায় আরো কার্যকর করতে সহযোগিতা করতে পারে। যেমন ‘তুমি কি কোডটি আরো দ্রুততর করতে পারো?’ এমন প্রশ্নের মাধ্যমেও সহযোগিতা পাবেন ব্যবহারকারীরা।










