ইউক্রেনে সামরিক আগ্রাসনের পরিপ্রেক্ষিতে বেশ কয়েকটি দেশের ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের সহিংসতা নিয়ে পোস্ট করার অনুমতি দিচ্ছে মালিকানা প্রতিষ্ঠান মেটা। খবর রয়টার্স।
রাশিয়ার সেনাবাহিনী ও দেশটির প্রশাসনের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মূলত পোস্ট করার সুবিধা দেয়া হচ্ছে। সীমিত সময়ের জন্য প্লাটফর্মগুলো হেট স্পিচ পলিসিতে এ পরিবর্তন এনেছে বলে অভ্যন্তরীণ ই-মেইল সূত্রে জানা গেছে। সোস্যাল মিডিয়া প্রতিষ্ঠানটি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেংকোর মৃত্যু চেয়ে দেয়া পোস্টও অনুমোদন করছে বলে কনটেন্ট মডারেটরদের কাছে পাঠানো ই-মেইল সূত্রে জানা গেছে।
এক বিবৃতিতে মেটার একজন মুখপাত্র বলেন, ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসনের পরিপ্রেক্ষিতে আমরা অস্থায়ীভাবে রাজনৈতিক একতা ও মতপ্রকাশের সুবিধা চালু করেছি। যেগুলো রাশিয়ান সেনাবাহিনীর মৃত্যু কামনার মতো হিংসাত্মক বক্তব্য এবং আমাদের নীতি ভঙ্গ করে।
রাশিয়া ও বেলারুশের নেতাদের মৃত্যু কামনা করে যেসব পোস্ট দেয়া হচ্ছে, সেগুলোও অনুমোদন করবে মেটা। যদি না সেখানে অবস্থান বা পদ্ধতিসংক্রান্ত কোনো তথ্য বা দ্বিতীয় কোনো ব্যক্তির কথা উল্লেখ থাকে। সম্প্রতি প্রতিষ্ঠানটির হিংসাত্মক বক্তব্যের বিষয়ে প্রবর্তিত নীতিমালায় পরিবর্তনের বিষয়ে পাঠানো এক ই-মেইলে এ তথ্য জানা গেছে। রয়টার্সের প্রতিবেদনের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রে অবস্থিত রাশিয়ান দূতাবাস মেটার এ ধরনের আক্রমণাত্মক কার্যক্রম বন্ধে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানায়।
এক টুইটে দূতাবাস জানায়, ফেসবুক ও ইনস্টাগ্রামের ব্যবহারকারীরা প্লাটফর্মটির মালিকানা প্রতিষ্ঠানকে সত্যের মানদণ্ড নির্ধারণের এবং এক জাতির বিপক্ষে অন্য জাতিকে উসকে দেয়ার অধিকার দেয়নি। ভারতে থাকা দূতাবাসেও এ বার্তা প্রচার করা হয়। ই-মেইলের তথ্যানুযায়ী, আর্মেনিয়া, আজারবাইজান, এস্তোনিয়া, জর্জিয়া, হাঙ্গেরি, লাটভিয়া, লিথুয়ানিয়া, পোল্যান্ড, রোমানিয়া, রাশিয়া, স্লোভাকিয়া ও ইউক্রেনে বর্তমানে নীতিমালার এ পরিবর্তন ও পোস্ট দেয়ার সুবিধা চালু রয়েছে।
মডারেটরদের কাছে পাঠানো এক ই-মেইলে মেটা রাশিয়ার সেনাবাহিনী ও সাধারণ অধিবাসীদের জন্য তাদের হেট স্পিচ নীতিমালার পরিবর্তনের বিষয়ে উল্লেখ করেছে। ই-মেইলে প্রতিষ্ঠানটি উল্লেখ করে, টিওয়ান ক্যাটাগরির হিংসাত্মক বক্তব্য প্রচারে আমরা স্পিরিট অব পলিসি অ্যালাওয়েন্স নীতি গ্রহণ করেছি। তবে রাশিয়ার সেনাসদস্য, যুদ্ধবন্দি ও সাধারণ জনগণের উদ্দেশে কোনো কথা বলা হলে সেগুলো তাত্ক্ষণিকভাবে মুছে ফেলা হবে।
ই-মেইলে মেটা আরো উল্লেখ করে, রাশিয়ার সৈন্যদের রুশ সামরিক বাহিনীর বিকল্প হিসেবে ব্যবহার করা হচ্ছে। এ কারণে আমরা এ উদ্যোগ নিয়েছি। হেট স্পিচ নীতিমালায় রাশিয়ার সাধারণ অধিবাসীদের ওপর আক্রমণ চালাতে নিষেধ করা হয়েছে। গত সপ্তাহে রাশিয়া জানায়, মেটার প্লাটফর্মে দেশটির গণমাধ্যমগুলোর কার্যক্রম বন্ধ করে দেয়ার প্রতিশোধ হিসেবে তারা ফেসবুকের কার্যক্রম বন্ধ করে দিয়েছে। পাশাপাশি মস্কো টুইটারসহ প্রযুক্তি জায়ান্টদের কার্যক্রম বন্ধ করে দিয়েছে।
অনেক সোস্যাল মিডিয়া প্লাটফর্ম ইউক্রেনে সামরিক আগ্রাসনের পরিপ্রেক্ষিতে রাশিয়া থেকে নতুন কনটেন্ট তৈরি ও প্রকাশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর অংশ হিসেবে ইউরোপীয় ইউনিয়নে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম আরটি ও স্পুিনক বন্ধ করে দেয়া হয়েছে এবং যুদ্ধকালীন নীতিমালায় বেশকিছু পরিবর্তন আনা হয়েছে।










