টুইটারে ৯ দশমিক ২ শতাংশ শেয়ার রয়েছে টেসলার শীর্ষ নির্বাহী (সিইও) ইলোন মাস্কের। সোমবার নীতিনির্ধারকদের কাছে পাঠানো একটি নথিতে এ তথ্য উঠে এসেছে। এ সংবাদের ফলে আজ মাইক্রোব্লগিং সাইটটির শেয়ারদর ১৬ শতাংশ বেড়েছে। খবর রয়টার্স।


নতুন কোনো সোস্যাল মিডিয়া প্লাটফর্ম করা যায় কিনা, এ নিয়ে গত মার্চের শেষের দিকে এক টুইটে অনুসারীদের কাছ থেকে মতামত আহ্বান করেন মাস্ক। সচল গণতন্ত্রের জন্য মুক্তবাক গুরুত্বপূর্ণ উল্লেখ করে জরিপে তিনি প্রশ্ন রাখেন, টুইটার কি মুক্তবাক সংরক্ষণ করে? পোস্টে ‘না’ ভোট পড়ে ৭০ দশমিক ৪ শতাংশ। তখন অনেকেই মনে করেছিলেন হয়তো নতুন কোনো সোস্যাল প্লাটফর্ম আনতে যাচ্ছেন টেসলা ও স্পেসএক্সের প্রতিষ্ঠাতা।


টুইটারে নিয়মিত পোস্ট করা মাস্ক সাম্প্রতিক দিনগুলোয় সোস্যাল মিডিয়া প্লাটফর্মগুলোর কড়া সমলোচনা করতে দেখা গেছে। গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা সুরক্ষায় তাদের ব্যর্থতার দিকে অভিযোগের তীর নিক্ষেপ করেন। এরই মধ্যে খবর এল টুইটারে ৯ দশমিক ২ শতাংশ শেয়ার রয়েছে টেসলাপ্রধানের।