গত বছর ভারতের ল্যাপটপ বাজারে প্রবেশ করে চীনের অন্যতম দুটি স্মার্টফোন উৎপাদনকারী প্রতিষ্ঠান শাওমি ও রিয়েলমি। ৫০ হাজার রুপির চেয়ে কম দামি ল্যাপটপ ক্যাটাগরিতে প্রতিষ্ঠান দুটি অন্যদের চমকে দিতে চাইলেও চিপ ঘাটতি ও সরবরাহসংক্রান্ত সমস্যার কারণে সংকটের মুখে রয়েছে প্রতিষ্ঠানগুলো। খবর বিজনেস স্ট্যান্ডার্ড।

শিল্প বিশেষজ্ঞদের তথ্যানুযায়ী, ল্যাপটপের বাজারে নতুন করে প্রবেশ করা স্মার্টফোন উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো দুটি সমস্যার মুখে রয়েছে। প্রথমটি হলো ল্যাপটপের ক্ষুদ্র যন্ত্রাংশের বাজারে তীব্র সরবরাহ সংকট। কেননা শুধু বড় প্রতিষ্ঠানগুলোই এখন নির্দিষ্ট পরিমাণ যন্ত্রাংশ পেয়ে থাকে। দ্বিতীয় সমস্যা হলো, ল্যাপটপের বাজারে পুরনো প্রতিষ্ঠানগুলো ভালো অবস্থানে রয়েছে।

গ্রাহকরা নতুন ব্র্যান্ডের তুলনায় আগে ব্যবহূত প্রতিষ্ঠানের ডিভাইস ক্রয় করতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। পুরনো প্রতিষ্ঠানগুলোর মধ্যে তিনটি বাজারের ৭০ শতাংশ নিজেদের দখলে রেখেছে। শক্তিশালী পোর্টফোলিও, ভালো বিপণন ব্যবস্থা প্রতিষ্ঠানগুলোকে বাজারে ভালো অবস্থান তৈরিতে সাহায্য করেছে।

এক সাক্ষাত্কারে আইডিসি ইন্ডিয়ার ক্লায়েন্ট ডিভাইস ও আইপিডিএসের পরিচালক নাভকেন্ডার সিং বলেন, নতুন ব্র্যান্ডগুলো বাজারে চমক সৃষ্টিতে সক্ষম। কিন্তু সরবরাহ সংকটের কারণে তারা এখন সমস্যার মধ্যে রয়েছে। ২০২২ সালে যখন পরিস্থিতি স্বাভাবিক হবে, তখন এসব প্রতিষ্ঠান চমক দেখাবে।

আইডিসির তথ্যানুযায়ী, গত বছরের তুলনায় ২০২১ সালের দ্বিতীয় প্রান্তিকে ভারতে বিভিন্ন ধরনের কম্পিউটারের চাহিদা বাড়ায় বিক্রির হার ৫০ দশমিক ৫ শতাংশ বেড়েছে। এ সময় বাজারের নিয়ন্ত্রণে ছিল এইচপি, লেনোভো ও ডেলের মতো প্রতিষ্ঠান। নোটবুক কম্পিউটার মোট বাজারের তিন-চতুর্থাংশ দখলে রেখেছিল এবং ২০২১ সালের দ্বিতীয় প্রান্তিকে এ খাতে ৪৯ দশমিক ৯ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। টানা ৪ প্রান্তিকে ২০ লাখের বেশি ডিভাইস নিয়ে অবস্থান ধরে রেখেছে নোটবুক কম্পিউটার খাত। অন্যদিকে গত বছরের তুলনায় এ বছর ডেস্কটপ কম্পিউটার বিক্রির হার ৫২ দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

ইন্ডাস্ট্রি ইন্টেলিজেন্স গ্রুপ সিএমআরের প্রধান প্রভু রামের তথ্যানুযায়ী, করোনা মহামারীর প্রকোপ, রিমোট ওয়ার্কিং, লার্নিংয়ের কারণে ব্যক্তিগত কম্পিউটারের চাহিদা বেড়েছে। বর্তমানে সরবরাহ শৃঙ্খলে যে সংকট তৈরি হয়েছে, সেটিকে বাদ দিলে আমাদের নতুন জীবনধারার সঙ্গে কম্পিউটার ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। সংকটাবস্থা শেষে প্রতিষ্ঠিত কম্পিউটার প্রতিষ্ঠানগুলো পুনরায় তাদের বাজার ফিরে পাবে বলেও জানান তিনি।

রাম বলেন, পুরনো প্রতিষ্ঠানের পাশাপাশি নতুন প্রতিষ্ঠানগুলো তাদের পণ্যের বিভিন্ন বৈশিষ্ট্য ও মূল্যের পার্থক্যের মাধ্যমে আলাদা বাজার তৈরিতে সক্ষম। তবে নির্ধারিত গ্রাহকদের আকৃষ্ট করতে হলে প্রতিষ্ঠানগুলোকে প্রচারণা চালানোর মাধ্যমে সচেতনতা সৃষ্টি করতে হবে বলেও জানান তিনি।

ভারতে বরাবরের মতো ৩৩ দশমিক ৬ শতাংশ কম্পিউটার বাজার নিজেদের দখলে নিয়ে শীর্ষস্থানে রয়েছে এইচপি। প্রতিষ্ঠানটির বার্ষিক ডিভাইস বিক্রি হার ৫৪ দশমিক ২ শতাংশ বেড়েছে। ২২ দশমিক ১ শতাংশ বাজার দখলে নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ডেল। ২০২১ সালের দ্বিতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটির ডিভাইস বিক্রি ৮৬ দশমিক ১ শতাংশে উন্নীত হয়েছে।

জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের রিসার্চ ফেলো আরভিন্দ সুরাজ বলেন, নতুন ব্র্যান্ডের পণ্য ব্যবহারের ক্ষেত্রে গ্রাহকরা বিশ্বাসযোগ্যতার দ্বিধায় থাকেন। কোনো গ্রাহকই স্মার্টফোনের মতো ছয়-সাত মাস পরপর ল্যাপটপ ক্রয় করেন না। যে কারণে পুরনো ব্র্যান্ডগুলোর ওপরই তারা আস্থা রাখেন।