লাস্ট মাইল ব্রডব্যান্ড সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর নেটওয়ার্কে আইপিভি সিক্স ডেপ্লয়মেন্ট করার দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নির্দেশনা বাস্তবায়নে লোকাল ব্রডব্যান্ড নেটওয়ার্ক ওনার্স অ্যাসোসিয়েশন (এলবিনোয়া) বাংলাদেশের উদ্যোগে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি রাজধানীর গুলশানে এক রেস্টুরেন্ট এ কর্মশালা আয়োজিত হয়। এতে সারা দেশ থেকে লাস্ট মাইল ব্রডব্যান্ড সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর মালিক ও সিস্টেম ইঞ্জিনিয়াররা অংশ নেন। এলবিনোয়া বাংলাদেশের সভাপতি ফুয়াদ মুহাম্মদ শরফুদ্দিনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি মো. ইমদাদুল হক।

ফাইবার অ্যাট হোমের সিটিও সুমন আহমেদ সাবির কেন লাস্ট মাইল ব্রডব্যান্ড সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর নেটওয়ার্কে আইপিভি সিক্স স্থাপন করা জরুরি এবং কোন ধরনের বিষয় লক্ষ্য রেখে কী ধরনের পরিকল্পনা নেয়া উচিত সে কথা জানান।

ফুয়াদ মুহাম্মদ শরফুদ্দিন বলেন, লাস্ট মাইল ব্রডব্যান্ড সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো সেবা প্রদানের ক্ষেত্রে প্রযুক্তি ব্যবহারে যে বিভ্রান্তি তৈরি করে এলবিনোয়া সেগুলো সমাধানে প্রতি বছর কর্মশালা আয়োজন করে। এরই ধারাবাহিকতায় এ বছর আইপিভি সিক্স স্থাপনে সদস্যদের আত্মবিশ্বাস বাড়াতে এবং বিভিন্ন বিভ্রান্তি দূর করতে এ কর্মশালা আয়োজন করা হয়েছে।

কর্মশালায় আরো উপস্থিত ছিলেন আইএসপিএবির সাধারণ সম্পাদক নাজমুল করিম ভূইয়া, সাইবার ক্যাফে ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সভাপতি এএম কামাল উদ্দিন আহমেদ সেলিমসহ প্রমুখ।