সোস্যাল গেমিং প্লাটফর্ম উইনজোর সঙ্গে অংশীদারিত্বমূলক চুক্তি সম্পাদন করেছে ফ্রান্সের বহুজাতিক গেমিং কোম্পানি গেমলফট। ভারতের ক্রমবর্ধমান বাজারে নিজেদের পরিধি বিস্তারে এ চুক্তি করেছে অ্যাসফাল্ট ৯ গেম নির্মাতা প্রতিষ্ঠানটি। খবর ইটি টেলিকম।
ভারতে প্রায় ১৫ কোটি মানুষ গেমলফটের মোট ডাউনলোডের ১২ শতাংশ সম্পন্ন করে থাকে। কিন্তু আয়ের দিক থেকে দেশটি মাত্র দশমিক ৬ শতাংশ অবদান রাখতে সক্ষম। উচ্চ সম্ভাবনার বাজার হলেও এটি এখনো অব্যবহূত রয়েছে।
উইনজোর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পাভান নান্দা বলেন, স্থানীয় বাজারে আমাদের শক্তিশালী অবস্থান ও দক্ষতা গেমলফটকে এগিয়ে যেতে সহায়তা করবে। ভারতে উইনজোর সাত কোটির বেশি গ্রাহক রয়েছেন, যার মধ্যে ৬০ শতাংশই প্রিমিয়াম সাবস্ক্রিপশন সম্পন্নকারী। এসব গ্রাহক প্রতি মাসে ২৫০ কোটির বেশি মাইক্রো লেনদেন সম্পন্ন করে থাকেন।
পাভান বলেন, স্থানীয় বাজারে আমাদের অধিক গ্রাহক ও শক্তিশালী অবস্থান বিদেশী প্রতিষ্ঠানগুলোর পরিধি বিস্তারে সাহায্যের সুযোগ দিয়ে থাকে। আজ ভারত বিশ্বব্যাপী গেমিং খাতের সম্মুখে রয়েছে। আমাদের বিশ্বাস, প্রযুক্তিগত সমৃদ্ধি ও বাজার সক্ষমতার মাধ্যমে আমরা এ খাতে এগিয়ে যেতে পারব ও বিশ্বে অনন্য উদাহরণ সৃষ্টি করতে পারব।
দেড়শর বেশি বিখ্যাত গেম তৈরি করেছে ফ্রান্সের গেমিং কোম্পানি গেমলফট। বিশ্বে এসব গেমস ১২০ কোটিবারের বেশি ডাউনলোড করা হয়েছে। অংশীদারিত্বমূলক চুক্তির অংশ হিসেবে উইনজো তাদের স্ট্রিমিং, গেম ফরম্যাট ও স্টোর ব্যবহারের সুযোগ প্রদানের মাধ্যমে গেমলফটের অ্যাসফাল্ট গেমের জন্য আয়ের সুযোগ করে দেবে।










