বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) কর্তৃক বাস্তবায়নাধীন তথ্যপ্রযুক্তির মাধ্যমে এনডিডিসহ সব ধরনের প্রতিবন্ধী ব্যক্তির ক্ষমতায়ন শীর্ষক প্রকল্প আন্তর্জাতিক একটি পুরস্কার পেয়েছে। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আইসিটি খাতে সবচেয়ে বড় ও মর্যাদাপূর্ণ সংস্থা এশিয়ান-ওশেনিয়ান কম্পিউটিং ইন্ডাস্ট্রি অর্গানাইজেশন (অ্যাসোসিও) কর্তৃক আউটস্ট্যান্ডিং ইউজার অর্গানাইজেশন ক্যাটাগরিতে অ্যাসোসিও অ্যাওয়ার্ড ২০২১ লাভ করেছে।

ঢাকায় অনুষ্ঠিত তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাতের বিশ্ব সম্মেলন ‘ওয়ার্ল্ড কংগ্রেস অন ইনফরমেশন টেকনোলজি ২০২১-এর (ডব্লিউসিআইটি ২০২১) দ্বিতীয় দিনে ওয়ার্ল্ড আইটি সার্ভিসেস অ্যালায়েন্স (উইটসা) আয়োজিত এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, আইসিটি ডিভিশনের সহায়তায় বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে ১২ নভেম্বর এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

অ্যাসোসিওর প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ভাইস চেয়ারম্যান জন চৈ, আইটি অ্যান্ড ডিজিটাল ব্যুরোর প্রধান নির্বাহী কর্মকর্তা এবং চেয়ারম্যান বুনরাক সারাগ্গানন্দ, জেএএন অ্যাসোসিয়েটস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ কাফির হাত থেকে পুরস্কারটি গ্রহণ করে বিসিসির নির্বাহী পরিচালক ড. মো. আব্দুল মান্নান।

এশিয়ান-ওশেনিয়ান কম্পিউটিং ইন্ডাস্ট্রি অর্গানাইজেশন (অ্যাসোসিও) একটি আইসিটি ফেডারেশন। ১৯৮৩ সালে এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের ২৪টি দেশের ন্যাশনাল আইসিটি অ্যাসোসিয়েশনসের সমন্বয়ে ‘অ্যাসোসিও’ গঠিত হয়। প্রতিষ্ঠানটি প্রতি বছর চারটি ক্যাটাগরিতে পুরস্কার দিয়ে থাকে।