স্মার্টওয়াচের দিক থেকে অ্যাপল বর্তমানে বাজারের শীর্ষে রয়েছে। ব্র্যান্ড হিসেবে যে খেতাব সেটি বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে। স্মার্টওয়াচ সেগমেন্টে অ্যাপল ওয়াচের যে ডিজাইন তা একেবারেই আলাদা। অ্যাপল ওয়াচের জন্য আলাদা অপারেটিং সিস্টেমও রয়েছে। শিগগিরই বাজারে ওয়াচওএস১০ আনবে প্রতিষ্ঠানটি। আর এটি ওয়্যারেবল ডিভাইসের পুরো ইন্টারফেস পরিবর্তন করে দেবে। খবর গিজচায়না।

সম্প্রতি টুইটারে নতুন প্রতিবেদন প্রকাশ করেছে অ্যানালিস্ট ৯৪১। সেখানে বলা হয়, অ্যাপল হয়তো ওয়াচের হোম স্ক্রিনে বেশকিছু পরিবর্তন আনতে পারে। সূত্রটির দাবি, নতুন ইউজার ইন্টারফেসের মাধ্যমে অ্যাপল ওয়াচ চালানো আরো সহজ ও আরামদায়ক হবে। অ্যাপলের মতো ওয়াচওএসকে ডিজাইন করা হবে। এতে আইফোন ও আইপ্যাডের মতো ফোল্ডার ফিচার থাকতে পারে।

নতুন ইউজার ইন্টারফেস কি বিল্ট ইন চালু থাকবে নাকি সেকন্ডারি পছন্দ হিসেবে সবার জন্য উন্মুক্ত করা হবে সে বিষয়ে কোনো তথ্য জানায়নি সূত্রটি। এছাড়া প্রকাশিত তথ্য কতটুকু সত্য সে বিষয়েও কোনো বিবৃতি পাওয়া যায়নি। তবে সামনে আরো বিস্তারিত তথ্য আসবে বলে জানানো হয়।

ব্লুমবার্গের মার্ক গুরম্যানও একই বিষয়ে তথ্য দিয়েছেন। নিউজলেটারে তিনি বলেন, ‘‌২০১৫ সালের পর ওয়াচওএস১০ হবে কুপারটিনোভিত্তিক প্রযুক্তি জায়ান্টটির সবচেয়ে বড় আপডেট। এছাড়া তিনি ওয়াচওএসের অন্যতম ফিচার হিসেবে নতুন ডিজাইনের ইন্টারফেসের কথাও জানিয়েছেন।’