বিদ্যুৎ সরবরাহ ও উপাদান সংকটের কারণে আয়ারল্যান্ডে মাইক্রোসফট ও অ্যামাজনের একাধিক ডাটা সেন্টার স্থাপনের পরিকল্পনা স্থগিত করতে হয়েছে। খবর টেকরাডার।

আয়ারল্যান্ডে ডাটা সেন্টারের পরিধি বাড়াতে ২০০ কোটি আইরিশ পাউন্ড বিনিয়োগের পরিকল্পনা করেছে। ইউরোপ ও উত্তর আমেরিকার নিকটবর্তী হওয়ায় ডাটা প্রক্রিয়াকরণের অন্যতম স্থানে পরিণত হয়েছে দেশটি। দ্য টাইমস প্রকাশিত নতুন এক প্রতিবেদনের তথ্যানুযায়ী, দেশটির রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ পরিষেবা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠান এয়ারগ্রিড নতুন সংযোগ প্রদানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এ কারণে অ্যামাজন ওয়েব সার্ভিসের একটি এবং মাইক্রোসফটের নতুন দুটি ডাটা সেন্টারের নির্মাণকাজ স্থগিত হয়েছে।

ইউক্রেন-রাশিয়া চলমান যুদ্ধের কারণে ইউরোপের অন্যান্য দেশের মতো আয়ারল্যান্ডও তাদের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় রয়েছে। এর আগে ২০২১ সালে দেশটির নিয়ন্ত্রকরা জানিয়েছিলেন, সমস্যার সমাধান না হলে লোডশেডিংয়ের মাত্রা বাড়তে পারে।

দেশটির সরকারের একজন মুখপাত্র জানান, গত নভেম্বরে এয়ারগ্রিডের বিধিনিষেধের পর এখন পর্যন্ত নতুন করে কোনো ডাটা সেন্টার স্থাপনের অনুমোদন দেয়া হয়নি। এ বিষয়ে মাইক্রোসফট ও অ্যামাজনের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে প্রতিষ্ঠানগুলো যুক্তরাজ্য, স্পেন, জার্মানিসহ আয়ারল্যান্ডের বাইরে যেকোনো দেশে বিকল্প স্থান খোঁজা শুরু করেছে। সম্প্রতি লন্ডনের কিছু ডেভেলপার জানান, ডাটা সেন্টারগুলো পাওয়ার গ্রিডের সিংহভাগ বিদ্যুৎ ব্যয় করে। এ কারণে ২০৩৫ সাল নাগাদ সব ধরনের উন্নয়ন কার্যক্রম বিধিনিষেধের মুখে পড়তে পারে।