২০১৭ সালে কম্পিউটার গেমিং জগতে সাড়া ফেলেছিল নতুন একটি গেম। প্লেয়ার আননোনস ব্যাটলগ্রাউন্ডস নামে বাজারে নতুন ব্যাটল রয়্যাল গেমটি আনে ক্রাফটন। সে সময় ২০ ডলারের মাধ্যমে গেমটি কিনে খেলতে হলেও খুব শিগগিরই গেমাররা ফ্রিতেই গেমটি খেলতে পারবেন। খবর গিজমোচায়না।

সম্প্রতি ক্রাফটনের ক্রিয়েটিভ ডিরেক্টর ডেভ কার্ড বিষয়টি নিশ্চিত করেছেন। ২০২২ সালের ১২ জানুয়ারি থেকে গেমাররা কম্পিউটারে বিনামূল্যে গেমটি খেলতে পারবেন। ইতোমধ্যে প্রি-রেজিস্ট্রেশন কার্যক্রম চালু করা হয়েছে। পাশাপাশি গেমের সবকিছু ফ্রি করে দেয়া হবে। তবে র‌্যাংকভিত্তিক ম্যাচমেকিংসহ বেশ কিছু ফিচার ব্যবহারে অর্থ ব্যয় করতে হবে।

১২ দশমিক ৯৯ ডলার দেয়ার মাধ্যমে গেমাররা র‌্যাংকড ম্যাচমেকিং ও অন্যান্য ফিচার ব্যবহারের সুযোগ পাবেন। এটি মূলত অ্যাকাউন্ট আপডেটের জন্য গ্রহণ করা হবে। এর মাধ্যমে গেমাররা কাস্টম ম্যাচ মোড, স্পেশাল ইন গেম আইটেম ও অন্যান্য ফিচার ব্যবহার করতে পারবেন।

প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনের তথ্যানুযায়ী, উন্মুক্তের পর থেকে গেমটির ৭ কোটি ৫০ লাখ কপি বিক্রি হয়েছে। ধীরে ধীরে গেমটির পিসি সংস্করণে গেমার সংখ্যা হ্রাস পাচ্ছে। বিশ্লেষকদের ধারণা এ কারণেই নির্মাতা প্রতিষ্ঠান গেমটি ফ্রি করে দিচ্ছে। কারো মতে গেমটি খেলার জন্য যে ধরনের বৈশিষ্ট্য সম্পন্ন কম্পিউটার প্রয়োজন অনেকের পক্ষে সেরকম ডিভাইস কেনা সম্ভব হয়ে ওঠে না বলেই গেমটি জনপ্রিয়তা হারাচ্ছে।পাশাপাশি নতুন মাল্টিপ্লেয়ার অনলাইন গেম বাজার দখল করে নিচ্ছে।