দীর্ঘদিন ধরেই মিক্সড রিয়েলিটি হেডসেট নিয়ে কাজ করছে অ্যাপল। মার্কিন টেক জায়ান্টটির সংশ্লিষ্ট সূত্র সম্প্রতি জানিয়েছে, চলতি বছরের জুনে অনুষ্ঠেয় অ্যাপলের বৈশ্বিক ডেভেলপারস সম্মেলনে (ডব্লিউডব্লিউডিসি) আনুষ্ঠানিকভাবে ডিভাইসটি উন্মোচিত হতে যাচ্ছে। এ সম্পর্কিত বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হচ্ছে, এ হেডসেটে চার্জ দেয়ার জন্য একটি ম্যাগনেটিক পাওয়ার কেবল বা চৌম্বকীয় চার্জিং প্রযুক্তি ব্যবহার করা হবে। ব্লুমবার্গের সাংবাদিক মার্ক গারম্যানের ‘পাওয়ার অন’ নিউজলেটারের প্রতিবেদনে বলা হয়েছে, আসন্ন প্রডাক্টটির নাম হতে পারে রিয়েলিটি প্রো বা রিয়েলিটি ওয়ান। এতে দুটি পোর্ট থাকবে। একটি ইউএসবি-সি পোর্ট এবং আরেকটি চৌ‌ম্বকীয় সংযোগকারী ব্যবস্থা। হেডসেটটি চালু রাখতে ‘ম্যাগসেইফের’ মতো পাওয়ার সোর্স থাকবে। বর্তমানে আইফোনের জন্য যেমনটা ব্যবহার হচ্ছে। সম্প্রতি জানা গেছে, হেডসেটটিতে একটি বাহ্যিক পাওয়ার সাপ্লাই থাকবে। কেননা ডিভাইসটি উত্তপ্ত হওয়া নিয়ে উদ্বেগ রয়েছে নির্মাতাদের। বাহ্যিক পাওয়ার সাপ্লাইয়ের ফলে ডিভাইসটির অত্যধিক উত্তপ্ত হওয়া রোধ করা যাবে। পাওয়ার সাপ্লাইটি প্রায় আইফোনের ম্যাগসেইফ চার্জিং প্রযুক্তির সমান আকৃতির। একক চার্জে ২ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিতে পারে বলে জানা গেছে। এর দামের ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে ইয়াহু নিউজের প্রতিবেদনে বলা হচ্ছে, ডিভাইসটির মূল্য হতে পারে প্রায় ৩ হাজার ডলার।