দায়িত্ব গ্রহণের পর পরই টুইটার পুনর্গঠনে কাজ করছেন প্লাটফর্মটির নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পরাগ আগারওয়াল। সম্প্রতি এক ঘোষণায় পরাগ প্রতিষ্ঠানটিতে বড় ধরনের পরিবর্তন আনার ঘোষণা দিয়েছেন। খবর এনগ্যাজেট।

দ্য ওয়াশিংটন পোস্টে প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, টুইটারের ইঞ্জিনিয়ারিং ও ডিজাইন বিভাগের মাইকেল মন্টানো ও ড্যান্টলি ডেভিসের প্রতিষ্ঠান ত্যাগের বিষয়টি ইঙ্গিত করে আগারওয়াল পরিবর্তনের কথা জানান।

পুনর্গঠনের বিষয়টি স্বীকার করেছে টুইটার। এ বিষয়ে এক মুখপাত্র বলেন, কার্যক্রম পরিচালনায় উত্কর্ষ পরিবেশ নিশ্চিতে কাজ করছেন পরাগ। এ লক্ষ্যে পৌঁছতে তিনি সবকিছু গুছিয়ে নিচ্ছেন। এ চিন্তা থেকেই নতুন পরিবর্তন আনা হচ্ছে। পরিবর্তনের অংশ হিসেবে উৎপাদন ও প্রযুক্তিগত প্রতিষ্ঠানের জন্য জেনারেল ম্যানেজার মডেল বাস্তবায়নের কাজ চলছে। এর মাধ্যমে সংশ্লিষ্ট বিভাগের সার্বিক কার্যক্রম পরিচালনায় একজন নেতৃত্ব দেবেন। পাশাপাশি কাজের ধরনে পরিবর্তন আসবে ও আরো দ্রুত তথ্যবহুল সিদ্ধান্ত গ্রহণ সম্ভব হবে।

টুইটার ত্যাগের আগে গত দুই বছর প্রতিষ্ঠানটি তার জন্য কেমন ছিল, সেটি উল্লেখ করে ডেভিস তার দলের সঙ্গে একটি ছবি টুইট করেন। টুইটার ত্যাগের মুহূর্ত যারা বিশেষ করেছিল, তাদের ধন্যবাদ জানান তিনি। প্রতিষ্ঠানটির প্রডাক্ট টিমে কর্মরত সারা বেকপফও টুইটারে শেষ কর্মদিবসের বিষয়ে টুইট করেন। তবে তাদের এ কর্মস্থল ত্যাগ পুনর্গঠনের সঙ্গে সম্পর্কযুক্ত কিনা, সে বিষয়ে জানা যায়নি।