যুক্তরাজ্যে সদ্য সাবেক প্রধানমন্ত্রী যখন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ছিলেন তখন তার সেলফোন হ্যাক করা হয়েছিল। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্য কাজ করা সন্দেহভাজন এজেন্টরা এ আক্রমণ চালিয়েছিল বলে সম্প্রতি দ্য ডেইলি মেইল প্রকাশিত এক প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে। খবর রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, এসকল এজেন্টরা ট্রাসের ঘনিষ্ঠ বন্ধু কোয়াসি কোয়ারটেংকে পাঠানো ব্যক্তিগত বার্তা ছাড়াও আন্তর্জাতিক মিত্রদের সঙ্গে আলোচনায় যে গুরুত্বপূর্ণ তথ্য আদান প্রদান করা হয়েছে সেগুলোতে প্রবেশ করতে পেরেছে। সংশ্লিষ্টদের ধারণা যেসব বার্তা আদান-প্রদান করা হয়েছে সেখানে আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউক্রেনে চলমান যুদ্ধ, অস্ত্র সরবরাহসহ অন্যান্য বিষয় অন্তর্ভুক্ত ছিল।

নাম না জানা সূত্রের বরাতে ডেইলি মেইল জানায়, হ্যাকের পর এজেন্টরা ট্রাসর ডিভাইস থেকে একবছরেরও বেশি সময়ের মেসেজ ও গুরুত্বপূর্ণ তথ্য ডাউনলোড করেছে। ব্যক্তি নিরাপত্তার বিষয়ে যোগাযোগ করা হলেও যুক্তরাজ্যের এক সরকারি মুখপাত্র কোনো মন্তব্য করেননি। তবে তিনি বলেন, সাইবার আক্রমণ প্রতিহতে দেশে শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। এর মধ্যে মন্ত্রীদের নিয়মিত নিরাপত্তা বিষয়ে বিস্তারিক জানানোর পাশাপাশি ব্যক্তিগত তথ্য সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে ও সাইবার আক্রমণ কমাতে উপদেশ দেয়া হয়ে থাকে।

প্রতিবেদনে বলা হয়, কনজারভেটিভ পার্টি যখন লিজ ট্রাসের পক্ষে প্রচারণা চালাচ্ছিল তখন সেলফোন হ্যাক হওয়ার বিষয়টি প্রকাশ্যে আসে। তাদের প্রচারণার পরইট ট্রাস প্রধানমন্ত্রীর পদে আসীন হন। গত সপ্তাহে প্রধানমন্ত্রীর অফিস ত্যাগ করেছেন ট্রাস। এরপর নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন ঋষি সুনাক।