প্রযুক্তিবাজারে এক্সটার্নাল ডিসপ্লে আনার ঘোষণা দিয়েছে অ্যাপল। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, ২৪ ও ২৭ ইঞ্চি এ দুই সাইজের ডিসপ্লে বাজারে আনবে কুপারটিনোভিত্তিক প্রতিষ্ঠানটি। সাশ্রয়ী মূল্যে ডিসপ্লে দুটি পাওয়া যাবে বলে জানা গেছে। খবর গ্যাজেটসনাউ।
বর্তমানে বাজারে ২৪ ইঞ্চি ডিসপ্লের আইম্যাক রয়েছে। সংশ্লিষ্টদের তথ্যানুযায়ী, শিগগিরই অ্যাপল ২৭ ইঞ্চি ডিসপ্লের আইম্যাক বাজারে উন্মুক্ত করবে। আইম্যাক দুটির বৈশিষ্ট্যসহ নতুন ডিসপ্লে তৈরি করছে এলজি। এ বিষয়ে ম্যাকরিউমার্স একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, বর্তমানে ডিসপ্লে দুটি কোনো ব্র্যান্ডের নামে না হলেও ধারণা করা হচ্ছে, আইম্যাকেই ডিসপ্লে দুটি ব্যবহার করা হবে। বাজারে ২৪ ইঞ্চি আইম্যাকের দাম ১ হাজার ২৯৯ ডলার। তবে বিশেষজ্ঞরা বলছেন, ২৪ ইঞ্চি ডিসপ্লেটি ম্যাকের থেকে কম দামে পাওয়া যাবে।
অন্যদিকে ২৭ ইঞ্চি ডিসপ্লেটি অ্যাপলের আইম্যাক ২৭ ইঞ্চির সিলিকন ভার্সনের ওপর ভিত্তি করে তৈরি হবে। ডিসপ্লেতে মিনি এলইডি ব্যাকলাইটিং ও ১২০ হার্জ ভ্যারিয়েবল রিফ্রেশ রেট থাকবে বলে ধারণা করছেন প্রযুক্তিবিদরা।
প্রতিবেদন অনুযায়ী, এলজি আরো একটি ডিসপ্লে তৈরি করছে। ৩২ ইঞ্চির ডিসপ্লেটি প্রো ডিসপ্লে এক্সডিআরের নতুন সংস্করণের মতো হবে বলে জানা গেছে। অ্যাপলের নতুন কোনো সিলিকন চিপের সঙ্গে এটি বাজারে আনা হতে পারে। এছাড়া অ্যাপল ও এলজি যৌথভাবে একটি ফোল্ডেবল ওলেড প্যানেল তৈরিতে কাজ করছে।










